বোল্টের হারিয়ে যাওয়ার বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮? কার আবার, উসাইন বোল্টের বছর! ২০০৯? সেটাও। ২০১০? না, এবার আর বোল্ট নন, বিশ্ব অ্যাথলেটিকস এই বছরটিতে জ্যামাইকান বজ্রবিদ্যুৎকে পার্শ্বনায়ক করে রেখেছে। আবার একক নায়কের মর্যাদাও দেয়নি কাউকে। আসলে এ বছরে অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়নি। দ্বিবার্ষিক এই প্রতিযোগিতা হবে আগামী বছর দক্ষিণ কোরিয়ার দেগুতে। ফলে ২০১০ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রায় নিস্তরঙ্গ একটি বছরই ছিল।নিস্তরঙ্গ নদীতেও কি ঢেউ দুলে ওঠে না অকস্মাৎ? ওঠে। অ্যাথলেটিকসের সেই ঢেউ হয়ে এবার দেখা দিয়েছেন কেনিয়ার ডেভিড রুডিশা। প্রায় অচেনা এই তরুণ ৮০০ মিটার দৌড়ের এক যুগ পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙেছেন এ বছর। সেটিও দুবার। রুডিশার উত্থানের এই বছরটায় বোল্ট বেশির ভাগ সময় লড়াই করেছেন ইনজুরির সঙ্গে। আর সেই সুযোগে ট্র্যাকে ঝড় তুলেছেন টাইসন গে। মার্কিন এই দৌড়বিদকে অচেনা আঁধারে নির্বাসন দিয়েছিলেন ধূমকেতুর মতো আবির্ভূত বোল্ট।বোল্ট এ বছর ১১টি রেসে অংশ নিয়েছেন। সাতটি ছিল একক। এর মধ্যে প্রথমবারের মতো শুরু হওয়া ডায়মন্ড লিগ মিটের দুটো রেসেও জিতেছেন, একটি ১০০, অন্যটি ২০০ মিটারে। আগের ছয়টি গোল্ডেন লিগ মিট আর বেশ কিছু গ্রাঁ প্রিঁ বাতিল করে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) এই ১৪ লেগের ডায়মন্ড লিগ চালু করে। এর একটি মিটে, প্যারিসে ১০০ মিটারে জেতেন বোল্ট। কিন্তু চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে ট্র্যাক থেকে সরে যান। বোল্টের অনুপস্থিতি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী স্বদেশি আসাফা পাওয়েল ও যুক্তরাষ্ট্রের গেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। ডায়মন্ড লিগের প্রথম তিনটি মিটে জেতেন পাওয়েল। চারটিতে জেতেন গে। বছর শেষে ১০০ মিটারের ডায়মন্ড লিগ মিট বিজয়ীর পুরস্কারও ওঠে তাই গের হাতে।অ্যাথলেটিকসের সালতামামির সারাংশ হতে পারত এটুকুই। কিন্তু তাতে যোগ করতে হচ্ছে আরেকটি অধ্যায়। এ বছরের শেষ দিকে, নভেম্বরে গুয়াংজুতে বসে এশিয়ান গেমস। আর তাতে সোনা জিতে দারুণভাবে ট্র্যাকে ফিরে এসেছেন হার্ডলসের মুকুট হারানো সম্রাট লিউ শিয়াং। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার মতো টাইমিং ছিল এই চীনা হার্ডলারের (১৩.০৯ সেকেন্ড)।বেইজিং অলিম্পিকে ইনজুরিতে পড়ে ট্র্যাক থেকে ছিটকে গিয়েছিলেন। স্বাগতিক চীনের সবচেয়ে বড় নামটির এই পরিণতি পুরো দেশকে তো বটেই, লিউকেও ডুবিয়েছিল হতাশার সাগরে। এশিয়ান গেমসের এই জয়ের পর লিউ জানালেন, সব হতাশার ধুলো তিনি ঝেড়ে ফেলে এসেছেন। এশিয়ান গেমসের ১১০ মিটার হার্ডলসের নতুন রেকর্ড গড়ার পর লিউয়ের কণ্ঠে ছিল সেই আত্মবিশ্বাসের ছোঁয়াও, ‘সাধারণত আমি ওই ঘটনা নিয়ে মন্তব্য করতে চাইতাম না। কারণ সেটা আমাকে আরও বেশি হতাশায় ভোগাত। কিন্তু এখন সেই ছায়া থেকে আমি বেরিয়ে এসেছি। আমি জানি আমি এটাকে তখনই জয় করতে পারব, যখন আমি মাথা উঁচু করে এটার সামনা করব।’বছরের শেষ ভাগে এসে দৃশ্যপটে এভাবেই হাজির হয়েছিলেন লিউ। তবে এর আগে আলোচনায় ছিলেন রুডিশা। ৮০০ মিটারের রেকর্ডটি এর আগে করেছিলেন কেনিয়াতেই জন্ম নেওয়া ডেনমার্কের উইলসন কিপকেটার। ১৯৯৭ সালে। কদিন আগে বাইশে পা দেওয়া রুডিশা প্রথমবার রেকর্ডটি ভাঙেন আগস্টে। বার্লিনের মিটে সময় নিয়েছিলেন ১ মিনিট ৪১.০৯ সেকেন্ড। পরের সপ্তাহে রেইতিতে সেটি তিনি কমিয়ে আনেন ১ মিনিট ৪১.০১ সেকেন্ডে। এ বছর জুলাইয়ে নাইরোবিতে অনুষ্ঠিত আফ্রিকান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন। আউটডোরে টানা ১৬টি রেসে ছিলেন অপরাজিত। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কারও জিতেছেন। বর্ষসেরা নারী অ্যাথলেট হয়েছেন ক্রোয়েশিয়ার হাই জাম্পার ব্লাঙ্কা ভ্লাসিচ। এএফপি।