বোল্টের হুংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের পাঁচটি বৃত্তের দিকে যখন তাকান, উসাইন বোল্টের কাছে কি সেই বৃত্তগুলো পাঁচটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়?শুধু প্রশ্ন আর প্রশ্ন। প্রশ্ন বোল্টের সামর্থ্য নিয়ে, সম্ভাবনা নিয়েও। গত অলিম্পিকে করেছিলেন অতিমানবীয় কীর্তি। তিনটি ইভেন্টেই বিশ্ব রেকর্ড করে সোনা। পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি অবিসংবাদিত সম্রাট। কিন্তু এরই মধ্যে তাঁর ছন্দপতন আর জ্যামাইকান সতীর্থ ইয়োহান ব্লেকের উত্থান তুলে দিয়েছে এই প্রশ্ন—বোল্ট এবার পারবেন?কিছুদিন ধরে এসব কথাবার্তা শুনে চুপই ছিলেন। কিন্তু অলিম্পিক একেবারে দুয়ারে চলে আসায় আর চুপ থাকলেন না। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বোল্ট রীতিমতো হুংকারই ছাড়লেন। নিজের ত্রিমকুট ধরে রাখার মিশন নিয়ে লন্ডনে আসা ২৫ বছর বয়সী জ্যামাইকান বলেছেন, ‘এটা হবে সেই মুহূর্ত, এটা হবে সেই বছর, যেখানে আমি বাকি সব অ্যাথলেট থেকে নিজেকে আলাদা করে ফেলব। আমার আগে অনেক কিংবদন্তি, অনেকেই এসেছেন। কিন্তু এখন সময়টা আমার।’ নিজেকে যে আলাদা তিনি করতে পারেন, তার সাক্ষী বেইজিংয়ের বার্ডস নেস্ট। পাখির বাসায় ১০০ মিটারের ফিনিশিং লাইন ছুঁয়েছেন বাকিদের কয়েক ফুট পেছনে রেখে। তবে বোল্ট এবার ঠিক ছন্দে নেই। গত মে মাসে অস্ত্রাভায় তাঁর টাইমিং ছিল তিন বছরের মধ্যে ধীরতম। জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালেও ব্লেকের কাছে হেরেছেন ১০০ ও ২০০ মিটারে। কিন্তু বোল্ট বলছেন, ‘হারাটা সব সময়ই ভালো। এতে আপনার ঘুম ভাঙে।’ সেই ঘুম ভেঙেছে বলেই আগের চেয়ে অনুশীলনে নিজেকে উজাড় করে দিয়েছেন। ‘প্রতি অনুশীলনেই আমি আগের চেয়ে আরও ভালো করছি। এখন আমার আর কোনো কাজ নেই, উদ্বেগ নেই। এখন শুধুই অনুশীলন, খাওয়া আর ঘুম।’সবচেয়ে বড় কথা, সবকিছু বোল্ট দারুণ উপভোগ করছেন। বুঝতে পারছেন, নিজের সেরা ছন্দে ফিরতে আর বেশি দূরে নন, ‘প্রতিদিনই আগের চেয়ে ভালো বোধ করছি। এ রকম ভালো বোধ করলে আমি নিশ্চিত, অলিম্পিকে আমি জিতবই।’‘অনুশীলনসঙ্গী’, ‘বন্ধু’ এই পরিচয়গুলো ব্লেক আগেই ভুলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার বোল্টও ব্লেকের সামনে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন। এমনও বললেন, অলিম্পিক ব্লেকের জন্য হবে বিরাট এক পরীক্ষার মঞ্চ। তাঁরা দুজন তো আছেনই। আরেক সতীর্থ আসাফা পাওয়েল আছেন। আছেন ফিরে আসা জাস্টিন গ্যাটলিন, যুক্তরাষ্ট্রের আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন গে। ‘এখানে বিশ্বের সেরা অ্যাথলেটরা থাকবে। ইয়োহানের জন্য এটা হবে অন্য রকম পরীক্ষা’—বলেছেন তিনি। এএফপি।