বোশেজোর স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বিরতির সময় জেফরি ডুজনের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মেরে এসেছি। বাংলাদেশে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের সেই সর্বজয়ী দলের উইকেটকিপার। টেস্টের আগের দিন এসেছেন। এখন পর্যন্ত হোটেল থেকে মাঠ আর মাঠ থেকে হোটেলে যাওয়া-আসার পথেই যা একটু ঢাকা দেখা। খুলনা থেকে ফেরার পর আশপাশে একটু ঘুরে দেখার অপেক্ষায় আছেন। খুলনায় টেস্ট আর ওয়ানডের মাঝখানে সুন্দরবন দেখতে যাওয়ার পরিকল্পনাও চূড়ান্ত বলে জানালেন। খেলা শেষে লিফটে আবার দেখা। দুষ্টুমি করে বললাম, ‘জেফরি, বাংলাদেশের সব টেস্টেই প্লিজ আপনি কমেন্ট্রি দেবেন। আপনি মাঠে থাকলেই বাংলাদেশ ভালো খেলে।’ ডুজন হাসলেন। ম্লান হাসি। ২০০৯ সালে বাংলাদেশের স্মরণীয় ওই ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর মুখে যা অনেকবার দেখেছি। বাংলাদেশের একের পর এক জয়ে আনন্দে ভেসে যেতে যেতেও কমেন্ট্রি বক্সে ডুজন, ইয়ান বিশপ ও টনি কোজিয়ারের বিষাদাচ্ছন্ন মুখ দেখে একটু খারাপই লাগত! কী সব স্বর্ণালি দিনের সাক্ষী তাঁরা, আর এখন কি না দেখতে হচ্ছে মাঠে ও মাঠের বাইরে লেজেগোবরে ওয়েস্ট ইন্ডিজকে!‘আচ্ছা জেফরি, আপনি কি ২০০৪ সালে সেন্ট লুসিয়াতেও ছিলেন?’ সেন্ট ভিনসেন্ট আর সেন্ট লুসিয়াকে গুলিয়ে ফেলে ডুজন বললেন, ‘হ্যাঁ, ছিলাম তো!’ ছিলেন? কমেন্ট্রি দেননি পরিষ্কার মনে আছে। দর্শক হিসেবে ছিলেন? ওই টেস্টে প্রথম নিজেদের কৃতিত্বে বাংলাদেশের ড্র। এক ইনিংসে দুই সেঞ্চুরি, এক টেস্টে তিন—এখনো যা বাংলাদেশের ক্রিকেটে একমেবাদ্বিতীয়ম হয়ে আছে। বিস্তারিত শুনে ডুজন ভুলটা বুঝতে পারলেন। না, সেন্ট লুসিয়ায় তিনি ছিলেন না।আমি ছিলাম। কাল বাংলাদেশের ইনিংস চার শ পেরোনোর পর টাইম মেশিনে যেন ফিরেও গেলাম বোশেজোতে। সেন্ট লুসিয়ার ছবির মতো সুন্দর মাঠটার এটাই নাম। একদা ফরাসি উপনিবেশ ছিল বলে সেন্ট লুসিয়ায় নাম-টাম সব ফরাসি। বোশেজোও যেমন। ইংরেজি বানানের সঙ্গে উচ্চারণের কোনো মিল নেই।সোয়া আট বছর আগের কথা, তার পরও যেন চোখের সামনে ভাসছে সব। কানে হেডফোন লাগিয়ে কলিন ক্রফট রেডিওর জন্য ইন্টারভিউ করতে এসেছেন হাবিবুল বাশারের। ড্রেসিংরুমে নাচানাচি, হইহই করতে পুরো দলের একসঙ্গে ছবি তোলা—এ সব ছেড়ে আসতে নিতান্তই অনিচ্ছুক হাবিবুল এসেই ক্রফটের বাউন্সারে হুক করলেন। ড্রয়ের জন্য অভিনন্দন জানিয়ে ক্রফট বলেছিলেন, ‘জ্যামাইকাতে তো তোমাদের জন্য বাউন্সি উইকেট অপেক্ষা করছে...’, কথাটা শেষ করতে না দিয়েই হাবিবুল জবাব দিলেন, ‘কোনো সমস্যা নেই। একই উইকেটে তো ওদেরও ব্যাটিং করতে হবে।’বাংলাদেশের অধিনায়কের এভাবে কথা বলাটা তখন রীতিমতো ‘বিপ্লব’। সেটির রহস্য লুকিয়ে একটু আগে পাওয়া জয়ের সমতুল্য ড্রয়ে। হয়তো টেস্টের প্রথম দিনেই হাবিবুলের স্ট্রোক-ঝলমলে সেঞ্চুরিতেও। ১৩১ বলে ওই ১১৩ সম্ভবত টেস্ট ক্রিকেটে তাঁর সেরা ইনিংস।প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল সে সময়ে নিজেদের টেস্ট-সর্বোচ্চ ৪১৬ রান। হাবিবুল ভিত্তিটা গড়ে দিয়েছিলেন, তবে নয় নম্বরে নেমে মোহাম্মদ রফিক সেঞ্চুরি করার অভাবিত কাণ্ড না ঘটিয়ে ফেললে যা সম্ভব হতো না। রফিকের সেঞ্চুরির চেয়ে বেশি মনে পড়ে সেঞ্চুরির পর তাঁর প্রতিক্রিয়া। ‘আমি নিজেই তো অবাক, আমি টেস্টে সেঞ্চুরি মাইরা দিছি’—রফিকের কথাবার্তা এমনই মজা লেগেছিল যে তাঁর মুখের ভাষাতেই তা লিখে দিয়েছিলাম।ঢাকা টেস্টের তামিম-সাকিব যদি সেন্ট লুসিয়ার হাবিবুল ও রফিক হন, ওখানে ‘নাঈম’ ছিলেন মোহাম্মদ আশরাফুল। প্রথম তুলনাটায় যেমন সেঞ্চুরি পাওয়া না-পাওয়ার অমিল আছে, এখানেও তা-ই। আশরাফুল করেছিলেন ৮১ রান, সেটি ২৭১ মিনিট উইকেটে থেকে ২২৪ বল খেলে।সেন্ট লুসিয়ার স্কোর এরই মধ্যে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তবে তাতে আত্মতৃপ্ত হওয়াটা হবে আত্মঘাতী। সেন্ট লুসিয়ায় প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নেওয়ার পরও কিন্তু চতুর্থ দিন শেষে পরাজয় চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসের স্কোর তখন ৬ উইকেটে ৯৪, লিড মাত্র ৩০ রানের। পরদিন খালেদ মাসুদ দাঁতে দাঁত চেপে সেঞ্চুরিটা না করলে প্রথম ইনিংসের দুই সেঞ্চুরি বিফলেই যেত।বৃষ্টিও একটু সাহায্য করেছিল। পাঁচ দিন মিলিয়ে সেন্ট লুসিয়ায় খেলা হয়েছিল প্রায় ৭০ ওভার কম। এখানে আরও ১৮০ ওভার খেলা হওয়াটা নিশ্চিত। বাংলাদেশ টেস্ট বাঁচিয়ে ফেলেছে ভেবে উৎসব-টুৎসব করার সময় এখনো হয়নি রে ভাই!