বোয়াটেংয়ের লড়াই বর্ণবাদের বিরুদ্ধে
দর্শকদের সামান্য একটা অংশই করেছিল এই অপরাধ। কিন্তু মানতে পারেননি তিনি। সোজা মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। কেভিন-প্রিন্স বোয়াটেংকে অনুসরণ করে বেরিয়ে গিয়েছিল পুরো এসি মিলান দল। কিন্তু শুধু মাঠ ছেড়ে যাওয়াতেই সব শেষ হয়ে যাচ্ছে না। বর্ণবাদী মানসিকতা ও আচরণের বিরুদ্ধে আরও বড় ধরনের লড়াই করতে প্রস্তুত বোয়েটাং। বিষয়টি নিয়ে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের সঙ্গে কথা বলেছেন। ইতালিয়ান ফুটবল ফেডারেশনও ঘোষণা দিয়েছে, সামান্য বর্ণবাদী আচরণও সহ্য করা হবে না।ব্ল্যাটারের সঙ্গে দেখা করার আগে জার্মানিতে জন্ম নেওয়া ঘানাইয়ান বংশোদ্ভূত এই ফুটবলার বলেছেন, ‘বর্ণবাদ ব্যাপারটা নির্মূল করা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এর বিরুদ্ধে লড়াই অব্যাহত না রাখি, সেটা আরও ছড়িয়ে পড়বে। বর্ণবাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো, এর কোনো প্রতিষেধক নেই। এমন কোনো অ্যান্টিবায়োটিক নেই, যেটা আমরা নিতে পারি। এটা খুবই ভয়ংকর একটা ভাইরাসের মতো। আমাদের মধ্যকার বিভেদ আর নিষ্ক্রিয়তা এটিকে আরও বেশি বাড়িয়ে দেবে।’ এএফপি, রয়টার্স।শুধু কালো খেলোয়াড়েরাই কেন এই বর্ণবাদের শিকার বেশি করে হন? এই প্রশ্নও ভাবতে বলেছেন বোয়াটেং। বলেছেন, ফুটবল খেলাটায় আরও বেশি বর্ণ, আরও বেশি সংস্কৃতির মানুষকে সম্পৃক্ত করা গেলে হয়তো বর্ণবাদী আচরণ কেউ করবে না, ‘ফুটবল যদি আরও বেশি করে বহু সংস্কৃতির হয়ে উঠতে পারে, এর সঙ্গে যত বেশি মানুষ যুক্ত হবে, যতগুলো দেশ; ততই এটা আমাদের সাহায্য করবে। আশা করি, খুব শিগগির আমরা একজন কৃষ্ণাঙ্গ মরিনহো কিংবা একজন পাকিস্তানি পেপ গার্দিওলা পাব।’