বোয়েটেং-মুনতারিকে দেশে পাঠালো ঘানা
বিশ্বকাপে আজ পর্তুগালের বিপক্ষে ঘানার বাঁচা-মরার ম্যাচ। অথচ মাঠে নামার আগেই বেশ বড় একটি ধাক্কা খেল ঘানা। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিশ্বকাপ দল থেকে সুলি মুনতারি ও কেভিন-প্রিন্স বোয়েটেংকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ছাড়াই রোনালদোদের মোকাবিলা করবে শেষ ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করা ঘানা।
পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা ঘানা এরই মধ্যে দেশে ফেরত পাঠিয়েছে এই দু মিডফিল্ডারকে।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘ম্যাচ ফি না পাওয়া নিয়ে এই খোলোয়াড়দের সঙ্গে কর্মকর্তাদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গত মঙ্গলবার দলীয় এক সভায় এক কর্মকর্তার ওপর কিছুটা চড়াও হন মুনতারি। সেখানে কোচ কোয়েসি আপিয়াহের সঙ্গে বাজে ভাষায় কথা বলেন বোয়াটেং।’ এর পরই এই দুইজনকে বহিষ্কার করে দেশে পাঠাল গতবারের শেষ আটে ওঠা ঘানা।
প্রথম দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে ঘানা। শেষ ষোলোতে উঠতে হলে আজ পর্তুগালকে হারাতেই হবে এবং নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচের ফলের ওপরও। কারণ যুক্তরাষ্ট্র-জার্মানির পয়েন্ট ৪। রোনালদোদের পয়েন্ট ১।