ব্যক্তি নারাইনও রহস্যময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকইনফো আর ক্রিকেট আর্কাইভের প্রোফাইলে তিনি ডানহাতি অফ স্পিনার। এতে আপত্তি তিনি করতেই পারেন, তাঁর হাত থেকে লেগ স্পিনও তো কম বেরোয় না! বেরোয় আরও অনেক কিছুই, যেগুলো বুঝতে ব্যাটসম্যানরা খাবি খাচ্ছেন প্রতিনিয়ত। সুনীল নারাইনের আসল পরিচয় তাই ‘রহস্য স্পিনার’। তাঁর হাতে বল মানেই ব্যাটসম্যানের চরম পরীক্ষা আর দর্শকদের নড়েচড়ে বসা। তবে ব্যক্তি নারাইন তো মনে হচ্ছে আরও রহস্যময়!‘দর্শনদারি’ দিয়ে নারাইনের ‘গুণ বিচার’ করতে গেলে ভুল করবেন। ব্রাজিলিয়ান তারকা নেইমারের কারণে বিখ্যাত হয়ে যাওয়া মোহিকান স্টাইল চুল, গলায় মোটা সোনালি চেইন। হাতে দুই ধরনের ব্রেসলেট, গাঢ় কালো রোদচশমার ফ্রেম আবার রংচঙে। এই সবকিছু দেখে তাঁর সম্পর্কে যে ধারণা হবে, সেটা একটা ধাক্কামতো খাবে কথা বলতে গেলে।কথা বলেন খুব মৃদু স্বরে, এক-দুই লাইনেই শেষ যেকোনো উত্তর। বাড়তি একটি শব্দ ব্যবহারেও চরম অনীহা। মাঠের ভেতরে হোক বা বাইরে, হাসিমুখ দেখতে পাওয়া দুষ্কর। জীবনদর্শন যেন গেইল-স্যামি-ব্রাভোদের উল্টো, জীবনটা ফাজলামো করার ব্যাপার নয়! সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ দলের চরিত্রের সঙ্গে বেশ বেমানানও। উইকেট নেওয়ার পর নেই অদ্ভুত কোনো ভঙ্গি, মাঝেমধ্যে তো নাকেমুখে হাতে দিয়ে এমন ভঙ্গি করেন যে চরম অন্যায় করে ফেলেছেন! গ্যাংনাম নাচে তাঁর অংশগ্রহণ নেই বললেই চলে, খ্যাপাটে উদ্যাপনে পেছনের সারিতে। ব্যক্তি নারাইনের সঙ্গে দৃশ্যমান আর বোলার নারাইনের অদ্ভুত বৈপরীত্য!এসব নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ভাবনা অবশ্যই নেই। বোলার নারাইনকে সামলানোই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য সামান্য স্বস্তির ব্যাপার, নারাইনের মৃগয়া টি-টোয়েন্টি সিরিজে মাত্র একটিই। ওয়ানডেও পরে। শুরুতে যেটি, সেই টেস্ট ক্রিকেটে নারাইন এখনো পায়ের নিচে জমিটা শক্ত করার চেষ্টায়। আইপিএল মাতিয়ে ইংল্যান্ডে উড়ে গিয়ে বহুল আলোচিত টেস্ট অভিষেক গত জুনে। কিন্তু লাল বলে যেন হারিয়ে গিয়েছিল সব রহস্য। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের একমাত্র ইনিংসে ১৫ ওভারে ৭০ রান দিয়ে উইকেটবিহীন, টি-টোয়েন্টিতেও ওভারপ্রতি এর চেয়ে কম রান দেন নারাইন! দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের টেস্টে অবশ্য ৮ উইকেট পেয়েছেন। তবে ঘাম ঝরাতে হয়েছে প্রচুর, বোলিং করতে হয়েছে ৪৩ ও ৪২ ওভার। এর পরের টেস্টে পেয়েছেন ৪ উইকেট। বাংলাদেশ সিরিজ নিয়ে ভাবনাটাও খুব সাধারণ, একটু গোলমেলেও, ‘প্রতিটি ম্যাচই নতুন ম্যাচ। প্রতিটি ম্যাচকেই আমি দেখি আগের ম্যাচের মতো। আমি যা করতে অভ্যস্ত, সেটাই করার চেষ্টা করি।’ বাংলাদেশের কন্ডিশন-উইকেট তাঁকে সাহায্য করবে, এটাতেও বাড়তি কোনো রোমাঞ্চ আছে বলে মনে হলো না তাঁকে দেখে বা কথায়।কেবল কলকাতা নাইট রাইডার্স সতীর্থ সাকিব আল হাসান প্রসঙ্গেই যেন ‘নিয়ম’ ভেঙে বাড়তি কিছু বললেন, ‘আমরা খুব ভালো বন্ধু। ও ভালো ক্রিকেটার, মাঠে মন-প্রাণ উজাড় করে খেলে। মাঠে আমরা দুজনই মন-প্রাণ উজাড় করে খেলি। বন্ধুত্ব থাকবেই, তবে এখানে মাঠে নেমে আমরা যাঁর যাঁর দেশের হয়ে খেলব।’দুই বন্ধু এবার প্রতিপক্ষ। বন্ধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মজাটা একটু বেশিই হয়।