ব্যতিক্রম শুধু আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে হাশিম আমলাই লড়াই করেছেন বুক চিতিয়ে। আবুধাবিতে ১১৮ রানের ইনিংস খেলার পথে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ষ এএফপি
প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে হাশিম আমলাই লড়াই করেছেন বুক চিতিয়ে। আবুধাবিতে ১১৮ রানের ইনিংস খেলার পথে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ষ এএফপি

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান তাদের হাশিম আমলা। কাল আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা দল হিসেবে এক নম্বরের মতো খেলতে না পারলেও হাশিম আমলা যথারীতি উজ্জ্বল। আমলার ব্যাটিংয়েই সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মান বেঁচেছে প্রোটিয়াদের। ক্যারিয়ারের ২০তম টেস্ট সেঞ্চুরি করে আমলা এখনো অপরাজিত আছেন বলেই প্রথম দিনটাকে পুরোপুরি পাকিস্তানের

বলা যাচ্ছে না। তবে প্রথম দিনে শক্তির নিক্তিতে অনেকটাই পিছিয়ে থাকা পাকিস্তানই পাবে বেশি নম্বর। আমলার অপরাজিত ১১৮ রানের পরও যে ২৪৫ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

দিনের শুরুতে ছড়ি ঘুড়িয়েছেন পাকিস্তানি পেসাররা। মোহাম্মদ ইরফান ও জুনাইদ খান মিলেই ৪৩ রানের মধ্যে তুলে নেন প্রথম তিনটি প্রোটিয়া উইকেট। এরপর এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে প্রাথমিক বিপর্যয়টা সামলান আমলা। ১০৪ রানের মাথায় ডি ভিলিয়ার্স রানআউট; ইনিংসের সবচেয়ে বড় জুটিটি জমাট বাঁধে এরপরই। আমলা-ডুমিনির পঞ্চম উইকেটে আসে ৯৫ রান। চোট কাটিয়ে ১১ মাস পর দলে ফেরা ডুমিনি করেছেন ৫৭ রান। এরপরই আরেকটি ধস। ১৯৯ থেকে ২২২—এই ২৩ রানে পড়ে ৪ উইকেট।

এবার অবশ্য গতির ঝড়ে নয়, ঘূর্ণি বলেই বিপর্যস্ত প্রোটিয়া ব্যাটসম্যানরা। আর তাতে নেতৃত্ব দিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। ৮৯ রানে ৩ উইকেট নিয়েছেন ৩৪ বছর ৩০৮ দিন বয়সে টেস্ট অভিষেক হওয়া এই বোলার। ম্যাচের আগে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি
আলোচনা, সেই সাঈদ আজমল শেষ বিকেলে ভারনন ফিল্যান্ডারকে আউট করে পেয়েছেন নিজের একমাত্র উইকেটটি।

ক্যারিয়ারের ২০তম টেস্ট সেঞ্চুরিটা আমলা ছুঁয়েছেন ২০১ বলে। ব্যাটিংয়ের দায়িত্বটা পুরোপুরিই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। পুরো দিনে হওয়া ৩৬০ বলের ২৫০টিই খেলেছেন আমলা, মেরেছেন ১৩টি চারও।

দিন শেষে ত্রাতা আমলার স্তুতি গেয়েছেন সতীর্থ ডুমিনি, ‘আমলার মনঃসংযোগ ক্ষমতা অবিশ্বাস্য। আজকে একটা পরিসংখ্যান দেখলাম সে গ্যারি কারস্টেনের চেয়ে ৩০ টেস্ট কম খেলেছে কিন্তু সেঞ্চুরির পার্থক্য মাত্র এক। এটাই বলে দিচ্ছে অনেক কিছু। কারণ, গাজ্জা (কারস্টেন) নিজেই একজন কিংবদন্তি।’

 জুলফিকার বাবরের সঙ্গে কাল টেস্ট অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান শান মাসুদেরও। ওয়েবসাইট, রয়টার্স।