ম্যাচে ১০ উইকেট পাওয়ার আনন্দ, সঙ্গে ‘পেয়ার’ পাওয়ার লজ্জা—নিউজিল্যান্ডের বিপক্ষে গত হ্যামিল্টন টেস্টটা এমন মিশ্র অনুভূতিই হয়ে থেকেছে অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল জনসনের জন্য। টেস্টে এমন ঘটনা বিরল, তবে আরও বেশ কজনের পরিচয় হয়েছে এই অনুভূতির সঙ্গে। নির্দিষ্ট করে বললে জনসনের আগে নয়জনের। এর মধ্যে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন আবার দুবার পেয়েছেন ১০ উইকেট ও পেয়ারের এই ‘ডাবল’ (২০০৩-০৪ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে গল ও ২০০৬-০৭ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে)। তালিকায় প্রথম নামটি ইংল্যান্ডের জর্জ লোহম্যানের (১৮৯৫-৯৬ সিরিজে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইনের নামটাও এখানে আলাদা করা যাচ্ছে, কারণ তিনি এই ডাবলের মালিক হয়েছিলেন অভিষেকেই (১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে)। ম্যাচে ১০ উইকেট ও ‘পেয়ারে’র অন্য মালিকেরা হলেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট, নিউজিল্যান্ডের জ্যাক কাউই, ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড, ভারতের ভগবৎ চন্দ্রশেখর, পাকিস্তানের ওয়াকার ইউনুস ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।