ব্যথা নিয়েই 'ব্যথা' দিলেন কেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন

মুম্বাইয়ের ১৮৬ রানের ইনিংসটার মতো নয়। নয় লর্ডসের ১৫২, পি সারায় ১৫১ বা হেডিংলির ১৪৯ রানের মতোও। পরশু ওল্ড ট্রাফোর্ডের ইনিংসটা তবু আলাদা হয়ে থাকবে কেভিন পিটারসেনের ক্যারিয়ারে। এমনিতেই এই ইনিংসটায় দেখা গেছে খানিকটা অন্য পিটারসেনকে। চোখ ধাঁধানো সব স্ট্রোকের ফুলঝুরি নয়, নয় প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া বিস্ফোরক ইনিংস। কখনো কখনো সেই দাপুটে পিটারসেন বেরিয়ে এসেছেন, তবে এই ইনিংসটায় ফুটে উঠছে মূলত কঠিন মনঃসংযোগ আর দৃঢ়প্রতিজ্ঞা। তবে ১১৩ রানের ইনিংসটার মহিমা বেড়ে গেল দিন শেষে সংবাদ সম্মেলনে। যখন পিটারসেন জানালেন, ইনিংসটা খেলেছেন ব্যথা নিয়ে!
গত মার্চে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন হাঁটুর চোট নিয়ে। ওই চোটের কারণে মিস করছেন দেশের মাটিতে কিউইদের বিপক্ষে ফিরতি সিরিজ, আইপিএল ও চ্যাম্পিয়নস ট্রফি। খেলতে পারতেন না এই অ্যাশেজ, এমনকি বছর শেষের অ্যাশেজও! যদি ডাক্তারের পরামর্শমতো অস্ত্রোপচার করাতেন হাঁটুতে।
চমকপ্রদ তথ্যটা দিলেন পিটারসেন নিজেই, ‘অস্ত্রোপচার করালে নয় মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হতো। অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। আমার হাঁটুর অবস্থা ছিল খুবই বাজে। অস্ত্রোপচার করাতে পারতাম, কিন্তু অ্যাশেজটা যে অনেক বড় কিছু! আমার ধারণা, ক্যারিয়ারের বাকি সময়টা জুড়েই আমাকে হাঁটুর পরিচর্যা করে যেতে হবে। এখনো মাঝেমধ্যেই ব্যথা করে।’
এই ব্যথা নিয়েই যন্ত্রণা দিয়েছেন অস্ট্রেলিয়ানদের। সেটার এমনই মহিমা যে, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমও প্রশংসায় পঞ্চমুখ। দ্য ডেইলি টেলিগ্রাফ-এর ম্যালকম কন যেমন বড় করে দেখছেন বিনোদনটাকেই, ‘ও সেই বিরল প্রজাতির একজন যে আসলে খেলাটার চেয়েও বড়। এমন একজন তারকা যে সবাইকে বিনোদন দেয়, অনুপ্রাণিত করে প্রজন্মকে।’ বড় মঞ্চ বা উপলক্ষে পিটারসেনের বারবার জ্বলে ওঠার কথা মনে করিয়ে দিয়েছেন দি অস্ট্রেলিয়ান-এর ম্যালকম নক্স, ‘এটা তাঁর সেরা ইনিংস নয়—গত নভেম্বরে মুম্বাইয়ের ১৮৬ সম্ভবত আধুনিক ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংস। কিন্তু তাঁর যে বৈশিষ্ট্য, এই ইনিংসটাও হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। জ্বলে ওঠার উপলক্ষগুলো খুব ভালো বেছে নেয় সে।’ সবাই যা জানে, দেখে, সেটা বললেন পিটারসেন নিজেও, ‘আমি বড় মঞ্চে পারফর্ম করতে ভালোবাসি, যখন দলের প্রয়োজন। চাই নিজেকে আলাদা করে তুলে ধরতে। আর একজন ইংলিশ বা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ক্যারিয়ারকে বিচার করা হয় তো অ্যাশেজের পারফরম্যান্স দিয়েই।’ এই ইনিংসটার পথেই গ্রাহাম গুচকে (১৩,১৯০) ছাড়িয়ে হয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রহকারী, (১৩২২৪)। বয়কট-হ্যামন্ড-কাউড্রেকে ছাড়িয়ে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানও এখন তিনিই (২৩), সামনে শুধু অ্যালিস্টার কুক (২৫)। টেস্ট রানে আবার ছাড়িয়েছেন কুককে। এই টেস্টের প্রথম ইনিংসেই কলিন কাউড্রেকে (৭৬২৪) সাতে ঠেলে ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট রানসংগ্রাহকের তালিকায় ৬ নম্বরে উঠে এসেছিলেন কুক। পরে কুককে (৭৬৬৯) সাতে নামিয়ে ছয়ে উঠেছেন পিটারসেন (৭৬৯৭)। আউটটি নিয়েও অবশ্য বিতর্ক আছে। মাঠের আম্পায়ারের এলবিডব্লু সিদ্ধান্ত বহাল রেখেছেন থার্ড আম্পায়ারও। অথচ হটস্পটে ব্যাটে-বলের ছোঁয়া ধরা পড়েছে খানিকটা, শোনা গেছে শব্দও। তবে পিটারসেনের প্রতিক্রিয়ায় অসন্তোষের কোনো প্রকাশ ছিল না। বললেন কারণটাও, ‘এটা জীবনচক্রেরই অংশ। কখনো ভালো দিন আসে, কখনো খারাপ। ড্রেসিংরুমে ফিরে আমি ব্যাট ছুড়ে ফেলা বা লাথি ছোড়া পছন্দ করি না। কারণ অন্যদের জন্য তা অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি করে।’ এএফপি, ওয়েবসাইট।