ব্যথা নিয়েও খেলবেন মুরালি
৮০০ উইকেট শিকারের বিস্ময়কর মাইলফলক গড়ে টেস্ট অঙ্গন থেকে বিদায় নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। এবার একদিনের ক্রিকেট থেকে বিদায়ের জন্যও তেমনই এক গৌরবময় মঞ্চ অপেক্ষা করছে শ্রীলঙ্কান এই স্পিন কিংবদন্তির জন্য। বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরের শিরোপা জিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার মতো সুবর্ণ সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না মুরালিধরন। তাই হ্যামস্ট্রিং ইনজুরি সত্ত্বেও কাল মুম্বাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই অফ স্পিনার।নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালটাই ছিল দেশের মাটিতে মুরালিধরনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর মুম্বাইয়ে বিশ্বকাপ ফাইনালটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ। কাজেই ১৮ বছরের দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তিটাও স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো ত্রুটি করবেন না তিনি। শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেলিস মুরালির এই লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যথা নিয়েও সে যেভাবে ১০ ওভার বল করল, সেটা মুগ্ধ হওয়ার মতো ব্যাপার। ফাইনালেও সে কিছুটা ব্যথা নিয়ে হলেও পুরো ম্যাচটা খেলতে পারবে বলে আশা করছি।’মুরালিধরনের চোটের পাশাপাশি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরিও কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে লঙ্কানদের। দলের গুরুত্বপূর্ণ এ দুই ক্রিকেটার ইনজুরির কবলে পড়ায় ডাক পড়েছে শ্রীলঙ্কার অন্যতম সফল পেসার চামিন্দা ভাস ও অফস্পিনার সুরাজ রনদিভের। তবে এখনো খেলোয়াড় পরিবর্তনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করেনি শ্রীলঙ্কান ক্রিকেট কর্তৃপক্ষ। কোচ ট্রেভর বেলিস বলেছেন, ‘ফাইনালে মুরালির খেলার সম্ভাবনা অনেক বেশি। আমরা ভাস ও রনদিভকে ডেকেছি শুধুই দুশ্চিন্তামুক্ত থাকার জন্য। কিন্তু মুরালিধরন ও ম্যাথিসকে তাদের ফিটনেস প্রমাণ করার সব ধরনের সুযোগ শেষ পর্যন্ত দেওয়া হবে।’ ক্রিকইনফো।