ব্যথা ভুলে নামছে বার্সা-ডর্টমুন্ড

চ্যাম্পিয়নস লিগ জিততে পারাটা দুর্দান্ত কীর্তি। ইউরোপ-শ্রেষ্ঠত্বের স্বাদ কে না পেতে চায়? কিন্তু বার্সেলোনা-ডর্টমুন্ডের জন্য সেটি শুধু হাহাকারই বাড়াবে। দুই দলের বিদায়ঘণ্টা যে বেজেছে একই সঙ্গে।
ফুটবলের বাস্তব পৃথিবীতে বেদনা নিয়ে বসে থাকার সুযোগ নেই। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়েছে তো কী হয়েছে, এখনো লিগ শিরোপা জয়ের আশাটা ভালোমতোই বেঁচে আছে বার্সার। কোপা ডেল রের শিরোপাও মাত্র একটা সিঁড়ি দূরে। তবে চ্যাম্পিয়নস লিগের গতবারের ফাইনালিস্ট ডর্টমুন্ডের সেই সান্ত্বনাও নেই। তারা এখন যদি শুধু জার্মান কাপটা জিততে পারে!
অথচ আজ বায়ার্নের সঙ্গে ডর্টমুন্ডের ম্যাচটা দুর্দান্ত একটা লড়াই হতে পারত। সেটি এখনো হতে পারে, তবে তা শুধুই ‘মর্যাদার লড়াইয়ে’ রূপ নিয়েছে। উত্তেজনার আঁচটা সেভাবে গায়ে লাগছে কই? সাত ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা জিতে গেছে বায়ার্ন, আজকের ম্যাচটা একরকম নিয়মরক্ষার লড়াই। ক্লাব চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে তাই এমন নির্ভারই থাকতে পারছেন, ‘শুধু পরিসংখ্যান ছাড়া এই খেলার আসলে কোনো মূল্য নেই।’ স্পোর্টিং ডিরেক্টর ম্যাথিয়াস সামারের কথায়ও একই অনুরণন, ‘মর্যাদার লড়াই ছাড়া এই ম্যাচকে অন্য কোনোভাবে দেখার উপায় নেই।’ ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপের দৃষ্টিভঙ্গিটা অবশ্য অন্য রকম, ‘মিউনিখকে আমরা ছেড়ে দেব না, তবে কাপটাই আমাদের কাছে এখন আগে।’ এই সপ্তাহেই জার্মান কাপের সেমিতে ভলফসবুর্গের মুখোমুখি হবে ডর্টমুন্ড, বায়ার্নের প্রতিপক্ষ কাইজারস্লটার্ন।
লা লিগায় আজ গ্রানাডার মাঠে বার্সেলোনার ম্যাচটি বাঁচা-মরার না হোক, ভীষণ গুরুত্বপূর্ণ। পা হড়কালেই নিবু নিবু হয়ে পড়বে শিরোপার সলতে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের হারটা এখনো দগদগে ক্ষত হয়ে আছে। কিন্তু ওটা ভুলে গিয়েই তো পথ চলতে হবে। আন্দ্রেস ইনিয়েস্তা তাই তাকাচ্ছেন সামনে, ‘বেদনাটা আজ ও কাল থাকবে। কিন্তু এটাই ফুটবল। যে প্রতিযোগিতায় আমাদের আশা বেঁচে আছে সেটির জন্য লড়ে যেতে হবে।’
বার্সা তো বটেই, রিয়াল ও অ্যাটলেটিকোর কাছেও এখন প্রতিটি ম্যাচ অলিখিত ফাইনালের মতো। আজ আলমেরিয়ার সঙ্গে ম্যাচে রিয়াল মাদ্রিদকে হয়তো নামতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে আছেন রিয়াল ফরোয়ার্ড। গেটাফের সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি অবশ্য কাল। এএফপি।