ব্যবধান গড়ে দিয়েছেন জয়াবর্ধনে-থিরিমান্নে
অ্যাঞ্জেলো ম্যাথুসের মুখে চওড়া হাসি। বিসিবি সভাপতির হাত থেকে নিয়ে উঁচিয়ে ধরেছেন এশিয়া কাপের ট্রফিটা। মিসবাহ-উল-হক ততক্ষণে ছেড়ে এসেছেন পুরস্কার বিতরণী মঞ্চ। ধীর পায়ে এগোলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষের দিকে।
২০১২ সালে এই শেরেবাংলা স্টেডিয়ামেই এশিয়া কাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মিসবাহ। কাল ২৬০ রান করেও ধরে রাখতে পারলেন না সেটা। ফাইনালের ব্যর্থতার জন্য পাকিস্তান অধিনায়ক দায়ী করলেন দলের বোলিংকে, ‘আমরা প্রয়োজনের সময় ব্রেক থ্রু দিতে পারিনি। ভালো বোলিং জুটি হয়নি। সে জন্যই শ্রীলঙ্কার কাজটা সহজ হয়ে গেছে।’ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুসও জয়ের পেছনের রহস্যের কথা বলতে গিয়ে বললেন প্রায় একই কথা। তবে একটু অন্যভাবে, ‘দ্রুত দুটি উইকেট হারানোর পরও মাহেলা জয়াবর্ধনে-থিরিমান্নের জুটিই আমাদের জন্য ম্যাচটা বের করে আনে।’
সাম্প্রতিক সময়ে ফাইনাল মানেই ছিল শ্রীলঙ্কার ব্যর্থতা। পঞ্চমবারের মতো এশিয়া কাপ জিতে সেই বন্ধ্যত্ব ঘোচাল ম্যাথুসের দল। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই শ্রীলঙ্কান অধিনায়কের হাসি বিস্তৃত আরও, ‘আমাদের জন্য এই চক্র থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি ছিল। আমি খুব খুশি যে আমরা অবশেষে সেটা করতে পেরেছি। সবাই দারুণ খেলেছে। বাংলাদেশে এই ছয়টা সপ্তাহ খুব ভালো কাটালাম।’
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কালকের অভিজ্ঞতার পর বিশ্বকাপে বাংলাদেশের উইকেটে খেলার কৌশল নিয়েও নতুন করে ভাবতে পারেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ, ‘মন্থর উইকেট ছিল খুব। বল ব্যাটে আসছিল না। এখানে স্টাম্পের ওপর বল করাটাই ছিল জরুরি। আমরা সেটা করতে পারিনি। সব মিলিয়ে বোলারদের জন্য বাজে একটা দিন গেছে।’ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেও ৫ উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। কালও নিয়েছেন ৫ উইকেট। সঙ্গে যোগ হয়েছে থিরিমান্নের সেঞ্চুরি। মিসবাহ বললেন, ‘আমরা চেষ্টা করেছি থিরিমান্নেকে আউট করতে। কিন্তু মাহেলার সঙ্গে বড় একটা জুটি হয়ে গেছে তাঁর। আর ব্যাটিংয়ের সময় মালিঙ্গা আমাদের চাপে ফেলে দেয়। আমরা কিছু বাজে শটও খেলেছি।’
৫৬ রানে ২ উইকেট পড়ার পর থিরিমান্নে-জয়াবর্ধনে জুটিতে ১৫৬ রান যোগ হয়েছে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে। অ্যাঞ্জেলো ম্যাথুস যেমন জয়ের পেছনে এই জুটির ভূমিকাই বেশি দেখছেন, মিসবাহও বললেন, ‘জয়াবর্ধনে-থিরিমান্নে জুটি ম্যাচ বের করে নিয়ে গেছে। বড় পার্থক্য তৈরি করেছে জয়াবর্ধনের ইনিংস। আমরা তাদের ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারিনি।’ ফাইনালের আগে বেশ কিছু চোটাঘাতের সমস্যায় ভুগছিল পাকিস্তান। তবে হারের পেছনে সেসবকে অজুহাত হিসেবে দাঁড় করাননি পাকিস্তান অধিনায়ক। এমনকি আগের দিন যার খেলা নিয়েই অনিশ্চয়তার কথা শোনা গেছে, সেই শহীদ আফ্রিদির বোলিংয়েও সন্তুষ্ট মিসবাহ।
এশিয়া কাপ শেষ করে পাকিস্তান ও শ্রীলঙ্কা দল দেশে ফিরে যাবে আজই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের আগে আবার যখন বাংলাদেশে আসবে, শ্রীলঙ্কার আত্মবিশ্বাসটা তখন একটু বেশিই থাকার কথা। যদিও ম্যাথুস ব্যাপারটা দেখছেন একটু অন্যভাবে, ‘এশিয়া কাপ জিতেছি বলেই আমরা হট ফেবারিট থাকব, তা নয়। টি-টোয়েন্টি আলাদা একটা খেলা, সম্পূর্ণ নতুন একটা টুর্নামেন্ট। সব দলই সেখানে ভালো খেলতে চাইবে। ভালো কিছু অর্জনের জন্য আমাদেরও সেরা খেলাটাই খেলতে হবে।’
এশিয়া কাপের অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে দুই দলেরই। ম্যাথুস যা-ই বলুন না কেন, এশিয়া কাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবে কিছুটা হলেও।