সময়টা এমনিতে খুব ভালো যাচ্ছিল না ভেনাস উইলিয়ামসের। গত বছর উঠতে পারেননি কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই, পারেননি এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও। সাবেক নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়েও এখন পাঁচে। তবে গত পরশু খুশির একটু উপলক্ষ পেলেন উইলিয়ামস বোনদের বড়জন। দুবাই ওপেনের শিরোপা ধরে রাখার পাশাপাশি পেছনে ফেলেছেন জাস্টিন হেনিনকেও। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৪২টি একক ডব্লুটিএ শিরোপা এখন ভেনাসের, হেনিনের ৪১টি। সব মিলিয়ে রেকর্ডে অবশ্য তিনি এগারোতে। শীর্ষে আছেন যিনি, তাঁকে ছোঁয়া দূরের কথা, কাছাকাছি যাওয়ার চিন্তাও হয়তো ভেনাস করছেন না। মার্টিনা নাভ্রাতিলোভার একক ডব্লুটিএ শিরোপা ১৬৭টি, ভেনাসের চেয়ে ‘মাত্র’ ১২৫টি বেশি! আরেক আমেরিকান ক্রিস এভার্টের শিরোপা ১৫৪টি। সেঞ্চুরি আছে আরও একজনের, জার্মানির স্টেফি গ্রাফ জিতেছিলেন ১০৭টি শিরোপা। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন মার্গারেট কোর্ট, এই অস্ট্রেলিয়ানের শিরোপা ৯২টি। বর্তমান খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে তিনে আছেন ভেনাসের ছোট বোন ও হেনিনের স্বদেশি। সেরেনা উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্সের শিরোপা ৩৬টি করে।