ব্যবধানটা রইল সেই চার পয়েন্টেরই
বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট এগিয়েই রইল রিয়াল মাদ্রিদ। যে রাতে লেভান্তেকে ২-১ গোলে হারালো বার্সেলোনা, সেই রাতেই স্পোর্টিং গিজনের বিপক্ষে ৩-১ গোলের এক দারুণ জয় পেয়েছে রিয়াল। খেলার শুরুতে পিছিয়েই ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ ১৫ মিনিটের দুটো গোল রিয়ালকে এনে দিয়েছে পূর্ণ পয়েন্ট।ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় গিজন। রিয়াল ডিফেন্ডার সার্জিও র্যামোস বক্সের মধ্যে ওসকার ট্রেজোকে ফেলে দিলে রেফারি স্পোর্টিং গিজনের অনুকূলে পেনাল্টির নির্দেশ দেন। সেই পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েল দে লেস কুয়েভাস।৩৭ মিনিটে অবশ্য গঞ্জালো হিগুয়েইনের দেওয়া গোলে ম্যাচে ফেরে রিয়াল। ৭৫ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রস থেকে দারুণ এক শটে লা লিগায় নিজের ৪১তম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মুহূর্তে লা লিগায় রোনালদো ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা একই—৪১।রবার্তো ক্যানেলা দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে গেলে খেলার শেষাংশে স্পোর্টিং গিজন পরিণত হয় দশজনী দলে। রিয়াল জয় নিশ্চিত করে করিম বেনজেমার গোলে। এই গোলে তাঁর দুর্দান্ত সহায়ক ছিলেন মেসুত ওজিল। তাঁর থ্রু থেকেই বল ধরে তা জালে পাঠান বেনজেমা। রয়টার্স।