ব্যবসায়ী আফ্রিদির অন্তরে শুধুই ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে ঢাকায় এসেছেন তিনি অনেকবার। কখনো মাথায় পাকিস্তানের টুপি, কখনো বিপিএলে গায়ে তুলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সি। কিন্তু শহীদ আফ্রিদির এই সফরটা একেবারেই অন্য রকম। ক্রিকেটার নয়, পুরোদস্তুর ব্যবসায়ী পরিচয়ে এসেছেন। তবে ব্যবসায় যুক্ত হলেও এক দিনের ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিকের অস্তিত্বজুড়ে এখনো শুধুই ক্রিকেট। এক ফাঁকে জানিয়ে দিলেন, ‘আমি ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলতে চাই।’কাল রাজধানীর হোটেলটির লবিতে ঢুকতেই দেখা গেল সাজিয়ে রাখা অনেকগুলো পাকিস্তানি ক্রিকেট ব্যাট। সঙ্গে শহীদ আফ্রিদির অটোগ্রাফসংবলিত টি-শার্ট। শার্টের এক কোনায় উইকেট পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত অলরাউন্ডারের চিরায়ত স্টাইলের লোগো। ইদিয়ান নামের বুটিক হাউসের ব্র্যান্ডেও রয়েছে লোগোটি। এই ইদিয়ানেরই প্রতিষ্ঠাতা পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। কুয়েত, কাতার, যুক্তরাষ্ট্র, কানাডার পর এবার ঢাকায় ফ্যাশন হাউসটির শোরুম উদ্বোধন করলেন কাল। পারিবারিক বন্ধু শহীদ ইসলাম এবং তাঁর স্ত্রীর উদ্যোগেই বনানীতে শুরু করেছেন এই ব্যবসা। কিন্তু নিজের ব্যবসায়ী পরিচয় ছাপিয়ে এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সেতুবন্ধ হিসেবে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার, ‘আমি এর আগেও ঢাকায় এসেছি। এবার নতুন পরিচয়ে এলাম। আমার এই ব্যবসার আসল উদ্দেশ্য দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটানো।’ এ দেশে ব্যবসার ফাঁকে দুই দেশের ক্রিকেট-সম্পর্কের উন্নতিও ঘটাতে চান আফ্রিদি, ‘পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যেটা হয়েছে (সফর বিনিময়) সেটা নিছকই ভুল বোঝাবুঝি। আমাদের তো ক্রিকেট খেলতেই হবে। আশা করি, এ সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে। এবং আমরাও আসব বিপিএলে খেলতে। এখানে খেলতে সব সময় আমার খুব ভালো লাগে।’ওয়ানডেতে ৩৪৮ উইকেটের মালিক বললেন, ‘এখনো ক্রিকেটই আমার ধ্যানজ্ঞান। এখনো সবকিছুর আগে ক্রিকেটই আমার কাছে বড়। আমি ক্রিকেটেই তাই বেশি নজর দিচ্ছি। বিশ্বকাপে খেলার স্বপ্নটাও তাই ছেড়ে দিইনি।’ কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ৩০ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে আফ্রিদি আছেন সেই তালিকায়। ওয়ানডে দল থেকে বাদ পড়লেও আছেন চুক্তির ‘এ’ ক্যাটাগরিতেই। তাই অবসর নিয়ে ভাবছেন না এখনই। ইংল্যান্ডে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সে হতাশ আফ্রিদি আশাবাদী, জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ভালো করবে, ‘এই দলে বেশ কিছু নতুন খেলোয়াড় নিয়েছেন নির্বাচকেরা। আশা করি, ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে পাকিস্তান।’