ব্যর্থ তামিম, জিতেছে দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্যটা খুব বড় ছিল না। তার ওপর নতুন বল হাতে এলেন পুরোনো ঘাতক মোহাম্মদ হাফিজ। তামিম ইকবালের শুরুটা ছিল তাই সাবধানী। তাতেও শেষ রক্ষা হলো না নিজের হঠাৎ খামখেয়ালিপনা আর আম্পায়ারের ভুলে। ভিরাসামি পেরমলের প্রথম বলেই রিভার্স সুইপ করতে গেলেন। বল প্যাডে লেগেছে কি না, পরিষ্কার বোঝা যায়নি, তবে গ্লাভসের নিচের অংশে লেগেছে নিশ্চিত। কিন্তু বোলারের এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার পিটার নিরো। টিভি রিপ্লেতে দেখা গেল, আম্পায়ারের ভুল শুধু ওখানেই নয়। বলটা পিচও করেছিল অফ স্টাম্পের অনেক বাইরে।
তামিম রান না পেলেও জিতেছে তাঁর দল সেন্ট লুসিয়া জুকস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে ৫ উইকেটে। ১২৬ রান তাড়ায় ১০ ওভার শেষে জুকসের রান ছিল ৩ উইকেটে ৪২। ম্যাচ-সেরা মিসবাহ-উল- হকের ৩৩ বলে অপরাজিত ৪৯ ও অধিনায়ক ড্যারেন স্যামির ৯ বলে অপরাজিত ২১ রানে জিতে যায় তিন বল আগেই। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০। সেটি করলেন হাফিজ। প্রথম বলে রান হয়নি, কিন্তু পরের দুই বলে টানা দুটি ছয়ে ম্যাচ শেষ করে দেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ। পুরো ম্যাচে ক্যামেরা তামিমকে সেভাবে খুঁজে না পেলেও বারবার তুলে এনেছে গ্যালারিতে তাঁর জীবন-সঙ্গিনীকে। বড় পর্দায় বারবার তা দেখেই কি না, মিড অফ থেকে বুলেট এক থ্রোতে জেমস ফ্রাঙ্কলিনকে রান আউট করে ক্যামেরার নজর কাড়লেন তামিম! ইয়ান বিশপ দর্শকদের জানিয়ে দিলেন শুধু ক্রিকেট-সফর নয়, এটি তামিমের ‘হানিমুন সফরও’। তথ্যসূত্র: সনি সিক্স।