ব্যর্থ সাকিব, ব্যর্থ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে বিপর্যয়ের মধ্যে নেমে উদ্ধার করেছিলেন দলকে। কাল প্রায় একই অবস্থায় নেমে ফিরে এলেন বিপর্যয় বাড়িয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম খেলার অভিজ্ঞতা তাই সুখকর হলো না সাকিব আল হাসানের জন্য। ভালো করতে পারেননি নিজে, মেলবোর্ন স্টারসের কাছে ৮ উইকেটে উড়ে গেছে তাঁর দল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
আগের ম্যাচে ৩২ রানে ৪ উইকেট পড়ার পর নেমে ৩০ বলে ৪৬ করেছিলেন সাকিব। কাল নামলেন দল ৪১ রানে ৪ উইকেট হারানোর পর। শূন্যতেই লাসিথ মালিঙ্গার বলে জীবন পেয়েছেন মিড অনে জন হেস্টিংসের হাতে। পরে লুক রাইটকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ফকনারের হাতে, ৮ বলে করেছেন ২ রান। বার্ড-মালিঙ্গা-ফকনার-হেস্টিংস-রাইট-মিউরিহেডদের নিয়ে স্টারসের বোলিং আক্রমণ সম্ভবত টুর্নামেন্ট-সেরা। তাঁদের সামনে দাঁড়াতে পারেনি স্ট্রাইকার্স ব্যাটসম্যানরা। সাকিবের পাশাপাশি ব্যর্থ হেলস অ্যালেক্স (৫), ফিল হিউজরাও (০)। মাইকেল ক্লিঙ্গারের (৪২) সৌজন্যে কোনো রকমে ৯০ পর্যন্ত যেতে পারে তারা। লুক রাইট (২০ বলে ৪৯) ও গ্লেন ম্যাক্সওয়েলের (১০ বলে ২৫) ঝড়ে স্টারস জিতে যায় ৭.৩ ওভারেই। ১ ওভার বোলিং করে সাকিব দিয়েছেন ১০ রান। সাকিবের দল এখন পয়েন্ট টেবিলের চারে। পরের ম্যাচ ১৬ জানুয়ারি পার্থে। স্টার স্পোর্টস ১।