ব্যর্থ ‘দক্ষিণ আফ্রিকান’রা, সফল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটা শেষ পর্যন্ত দুই ‘গ্রায়েম’-এর লড়াই হয়ে রইল। গ্রায়েম স্মিথ বনাম গ্রায়েম সোয়ান। ব্যাট হাতে সর্বোচ্চ রান প্রথমজনের। সবচেয়ে বেশি উইকেট দ্বিতীয়জনের। এবং চার টেস্টের সিরিজ শেষে লড়াইয়ের ফল সমান সমান!হ্যাঁ, গত দক্ষিণ আফ্রিকা সফরের পুনরাবৃত্তি করতে পারেনি ইংল্যান্ড। ২০০৪-০৫ মৌসুমের ওই সফরে শেষ টেস্ট ড্র করে ইংল্যান্ড জিতে নিয়েছিল সিরিজ। কিন্তু এবার শেষ টেস্টটা হেরে গিয়ে সিরিজ শেষ হলো ১-১ সমতায়। ডারবানে ইনিংস ব্যবধানে হেরে যাওয়ার প্রতিশোধ দক্ষিণ আফ্রিকা নিল ইনিংস ব্যবধানে জিতেই। কাল ম্যাচের চতুর্থ দিনে লাঞ্চের এক ওভার আগেই ১৬৯ রানে অলআউট হয়ে ইংল্যান্ড হারল ইনিংস ও ৭৪ রানে।ইংল্যান্ডের কপালে এমন পরাজয় অপেক্ষা করছে সেই পূর্বাভাস তৃতীয় দিনেই পাওয়া গিয়েছিল। ২৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড মাত্র ৪৮ রানে হারিয়ে ফেলেছিল প্রথম তিন ব্যাটসম্যানকে। দিনের বড় একটা অংশ ভাসিয়ে দিয়ে ভরসা হতে পারত বৃষ্টি, আর বাকিটা সময় যদি রুখে দাঁড়াতে পারতেন কেভিন পিটারসেন, পল কলিংউড ও ইয়ান বেলরা। ইংল্যান্ড সবচেয়ে বেশি তাকিয়ে ছিল পিটারসেনের ব্যাটের দিকে। গত সফরে ওয়ানডে সিরিজে তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে এবার ‘জন্মভূমি’তে এসে পিটারসেন কী করেন—এটা নিয়ে আগে বিস্তর কথাবার্তা হয়েছে। সিরিজের প্রথম টেস্টে ৮১ রানের একটা ইনিংসও খেললেন। কিন্তু এর পরই যেন রান করাই ভুলে গেলেন পিটারসেন!শুধু পিটারসেন কেন, এবার ইংল্যান্ড দলে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ৪ ক্রিকেটারকে নিয়েই বেশ শোরগোল হয়েছে। অবশ্য সিরিজটা যাঁর নামে সেই বাসিল ডি’অলিভেইরা নিজে দক্ষিণ আফ্রিকায় জন্মে খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ডি’অলিভেইরার পদাঙ্ক অনুসরণ করা এই দলের চারজনই ব্যর্থ। সিরিজে সাত ইনিংসে জোনাথন ট্রটের ব্যাটিং গড় ২৭.১৪, পিটারসেনের ২৫.২৮, স্ট্রাউসের ২৪.২৮ আর ম্যাট প্রিয়রের ২২.৫৭।কাল পিটারসেনের আউট দিয়েই ইংলিশ ইনিংসের ধসের শুরু। মাত্র ১২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ওয়েইন পারনেলের বলে। তবে আসল আঘাতটা মরনে মরকেলেরই হানা। নিজের সাত বলের মধ্যে ইয়ান বেল, ম্যাট প্রিয়র আর স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে দেন এই পেসার। সব মিলে ৫৯ রানে নিয়েছেন ৪ উইকেট। ইংল্যান্ডের ২০টি উইকেটের ১৪টিই তিনি ভাগাভাগি করে নিয়েছেন ডেল স্টেইনের সঙ্গে। ম্যাচসেরাও হয়েছেন এই দুজন। সিরিজে ২১ উইকেট নেওয়া সোয়ানের সিরিজ-সেরা নিশ্চিতই ছিল। অবশ্য সর্বোচ্চ ৪২৭ রান করা স্মিথ নয়, সিরিজ-সেরার পুরস্কারটা সোয়ান ভাগাভাগি করেছেন মার্ক বাউচারের সঙ্গে।