বিপিএল ফিক্সিং নিয়ে চূড়ান্ত রায় ঘোষণার আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য করবে না বিসিবি বা আইসিসি। ব্যাপারটা অন্যভাবেও দেখতে পারেন। ট্রাইব্যুনালের রায়ে তারা হয়তো এতটাই বিস্মিত, আপাতত আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। সে কারণেই চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা।
গত পরশু দেওয়া বিপিএল ফিক্সিংয়ের সংক্ষিপ্ত রায়ে কেবল কারা দোষী প্রমাণিত হয়েছেন আর কারা হননি, সেটাই বলাই হয়েছে। দোষীদের শাস্তি ঘোষণা করা হবে আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণার সময়। ট্রাইব্যুনালের বিচারে ১০ অভিযুক্তের ছয়জনই নির্দোষ প্রমাণিত হয়েছেন। দোষী প্রমাণিত হয়েছেন কেবল ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী। মোহাম্মদ আশরাফুল, কৌশল লোকুয়ারাচ্চি ও লু ভিনসেন্ট তো আগেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
দোষীদের কার কী শাস্তি হবে, তা নিয়ে নানা রকম গুঞ্জন আছে। কৌতূহলটা বেশি আশরাফুলকে নিয়েই। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য, কমপক্ষে পাঁচ বছরের নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসছে আশরাফুলের ওপর। তাঁর অপরাধ যে ধারার মধ্যে পড়ে, আইসিসির আচরণবিধি অনুযায়ী সেটির সর্বনিম্ন সাজাই পাঁচ বছরের নিষেধাজ্ঞা। সর্বোচ্চ শাস্তি আজীবন নিষিদ্ধ। ট্রাইব্যুনালকে শাস্তি দিতে হবে আইসিসির এই আচরণবিধির মধ্যে থেকেই। দোষ স্বীকার না করে আশরাফুল যদি আইনি লড়াইয়ে যেতেন এবং তাতে হারতেন, সে ক্ষেত্রে সর্বনিম্ন সাজা হতো ১০ বছরের বহিষ্কারাদেশ।
কাল অবশ্য দোষীদের সম্ভাব্য সাজার চেয়ে বিসিবিতে বেশি আলোচনা হলো অভিযুক্ত ছয়জনের ‘বেকসুর খালাস’ পাওয়া নিয়েই। ধারণা ছিল, আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) যেহেতু তথ্যপ্রমাণসহই তাদের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছে, প্রত্যেকেরই কোনো না কোনো সাজা তো হবেই। অথচ নির্দোষ প্রমাণিত হলেন বেশির ভাগ অভিযুক্তই! রায় ঘোষণার পরপরই এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে বিসিবি ও আইসিসি। কাল বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বললেন, ‘কোটি কোটি টাকা খরচ করে আমরা তাহলে কী করলাম? আকসু দিয়ে তদন্ত করানো হলো, ট্রাইব্যুনাল গঠন করা হলো, তার পরও ওদের নির্দোষ প্রমাণ হওয়াটা আসলেই বিস্ময়কর।’ আইসিসি-বিসিবি অবশ্য এখনই হাল ছেড়ে দেয়নি। চূড়ান্ত রায় প্রকাশের পর রায়ের বিরুদ্ধে শৃঙ্খলা প্যানেলের প্রধানের কাছে আপিল করার সুযোগ আছে। সেখানেও প্রত্যাশিত সিদ্ধান্ত না হলে খোলা থাকছে সুইজারল্যান্ডের ক্রীড়া আদালতে যাওয়ার দুয়ারও। একই রকমভাবে আপিল করতে পারেন দোষী সাব্যস্তরাও।
একটি সূত্রে জানা গেছে, প্রতিটি অভিযোগের জন্য পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে অনেককেই দোষী সাব্যস্ত করতে পারেননি ট্রাইব্যুনাল। আকসু ট্রাইব্যুনালকে অভিযুক্তদের মুঠোফোনের কল লিস্ট, কথোপকথনের রেকর্ডসহ আরও বিভিন্ন তথ্যপ্রমাণ সরবরাহ করলেও সেগুলো নাকি সবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট ছিল না। অনেক তথ্যপ্রমাণ সঠিক নিয়মে সংগৃহীত হয়নি বলে আমলে নেওয়া হয়নি সেগুলো। আবার এমনও হয়েছে, বিচারকাজ পরিচালনা করতে গিয়ে হয়তো কারও ব্যাপারে কোনো তথ্যের প্রয়োজন হয়েছে ট্রাইব্যুনালের। কিন্তু সেগুলো চেয়েও তা পাওয়া যায়নি।
ট্রাইব্যুনালের বিস্ময়কর রায়ের দায়ভারটা শেষ পর্যন্ত তাই আইসিসি ও আকসুর ওপরই গিয়ে পড়ে। একটি সূত্রের তথ্য, প্রতিটি শুনানিতে বিসিবির পক্ষে আইসিসির আইন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নিজেদের আনা বেশির ভাগ অভিযোগই তারা প্রমাণ করতে পারেননি বা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি। আইসিসির আচরণবিধিতে কাউকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে ‘সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ’ থাকা আবশ্যকীয় শর্ত। আকসুর তদন্ত সেই শর্ত পূরণ করতে না-পারাতেই এমন একটা রায় এসেছে, যেটিতে আইসিসি ও বিসিবি একই সঙ্গে বিস্মিত ও হতাশ।