ব্যর্থতা পিছু ছাড়ছে না পর্তুগালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশ থেকে সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন। সমালোচনা থেকে বেরিয়ে আসার উপলক্ষও পাচ্ছেন না পর্তুগালের কোচ পাওলো বেনতো। গতকাল শনিবার রাতে ইউরোর প্রথম আসরে ১-০ গোলে হেরেছে তাঁর দল।ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না পর্তুগালের। ঘরের মাঠে মেসিডোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র। এর পর গত সপ্তাহে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তুরস্কের কাছে ৩-১ গোলে হার। কোচের সমালোচনা তো বটেই, এবারের ইউরো আসরে পর্তুগাল কত দূর যেতে পারবে—এ নিয়েও প্রশ্ন তোলেন সমালোচকেরা। সেই জবাব তো দিতে পারলেনই না, ইউরোর প্রথম ম্যাচে হেরে সমালোচনার পথটাই যেন আরও প্রশস্ত করলেন পর্তুগালের কোচ।এ ম্যাচে দুর্দান্ত খেলেছে পর্তুগাল। জার্মানির রক্ষণ-ভাগে একের পর এক আক্রমণ চালিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। কিন্তু গোলের দেখা মেলেনি। উল্টো খেলার ৭২ মিনিটে একটি গোল খেয়ে বসে পর্তুগাল। স্ট্রাইকার মারিও গোমেজের ওই গোল দিয়েই জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।ম্যাচ শেষে পাওলো বেনতো স্বীকার করেন, পর্তুগালের ‘ফিনিশিং’ ভালো হয়নি। এ কারণেই হারতে হয়েছে তাদের। তবে এ ম্যাচে হার নিয়ে কোনো আক্ষেপ বা হতাশা নেই বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে পাওলো বেনতো বলেন, ‘আমাদের সামর্থ্য রয়েছে, সেটা মাঠে দেখিয়েছি। এমন সময় জার্মানি গোল করে, যখন আমরাই ভালো খেলছিলাম। আমরা লড়াই চালিয়ে গেছি। নিজেদের খেলা থেকে দূরে সরে যাইনি। আমাদের যথেষ্ট সুযোগ ছিল। অন্তত খেলায় সমতা আনতে পারতাম আমরা।’পর্তুগাল কোচ বলেন, ‘অনেকে বলতে পারেন, বরাবরের মতোই আমরা হেরেছি। কিন্তু বিষয়টাকে এভাবে দেখতে চাই না আমি। এটা ছিল ভারসাম্যপূর্ণ একটা খেলা। প্রথমার্ধে আমরা বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিলাম। কিন্তু গোলমুখে গিয়ে শেষটা ভালো করতে পারিনি। আমি এখনো মনে করি, শেষ ম্যাচে গিয়ে এই গ্রুপের দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে।’‘বি’ গ্রুপে জার্মানি ছাড়া পর্তুগালের অন্য দুই প্রতিপক্ষ হল্যান্ড ও ডেনমার্ক। এই গ্রুপকে বলা হচ্ছে ইউরোর ‘গ্রুপ অব ডেথ’। গ্রুপটি যে সত্যি ‘মৃত্যু-কূপ’ তা গতকালই দেখা গেছে। পর্তুগালের হারের আগের ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হল্যান্ডকে ১-০ গোলে হারায় ‘আন্ডারডগ’ ডেনমার্ক। বলতে গেলে এটা এবারের ইউরোর প্রথম অঘটন।পর্তুগিজ ডিফেন্ডার পেপের প্রতিক্রিয়া, ‘দলকে সহায়তা করতে পারলাম না, এটা সত্যি হতাশার। দ্বিতীয়ার্ধে কেবল একটা সুযোগ পেয়েছিল জার্মানি। ওতেই গোল হয়। তবে আমরা দেখিয়েছি, পর্তুগাল শক্তিশালী দল। প্রতিযোগিতায় অনেক দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের।’ রয়টার্স।