ব্যর্থতা মেনে নিচ্ছে ইংল্যান্ড
ধ্রুপদী লড়াই, চিরশত্রুতা, চিরন্তন লড়াই—কত বিশেষণই না বসানো হলো ম্যাচটার আগে। শেষ পর্যন্ত অত্যন্ত একতরফা একটা স্কোরলাইন নিয়ে শেষ হলো জার্মানি-ইংল্যান্ড ম্যাচ। খেলা স্কোরলাইনের মতো এত একতরফা না হলেও, ইংল্যান্ড যে ডুবেছে, তাতে সন্দেহ নেই।ওয়েইন রুনি, স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের সোনালি প্রজন্ম আরও একবার অজুহাত খুঁজতে খুঁজতে শূন্য হাতে দেশে ফিরছে। দায়টা এখন কে নেবে? রবার্ট গ্রিন একটু স্বস্তি পেতে পারেন। ইংল্যান্ডের বিশ্বকাপ ব্যর্থতার দায় আর তাঁর একার কাঁধে থাকছে না। নতুন ‘শিকার’ খুঁজে পেয়েছে ইংলিশরা—রেফারি।উরুগুয়ের সেই রেফারি জর্জ লারিওন্দা, যিনি জার্মানির গোললাইন অতিক্রম করে ফিরে আসা বলকে গোল বলে ঘোষণা করেননি।যদিও ইংল্যান্ড ওই ঘটনার পর আরও দুই গোল হজম করে ম্যাচ হেরেছে ৪-১ ব্যবধানে। কিন্তু কোচ ফ্যাবিও ক্যাপেলো বলছেন, ওই গোলটা হলেই পরিস্থিতি বদলে যেতে পারত, ‘এই সিদ্ধান্তটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। ওই সময়ে সমতা আনাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর একবার সমতা এসে গেলে আমরা অন্যভাবে খেলতাম।’কোচের সঙ্গে পুরোপুরি একমত মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। তিনিও মনে করছেন, গোললাইন টেকনোলজি থাকলেই তাদের আর এই ফল মেনে নিতে হয় না। অধিনায়ক জেরার্ডও এক সুরে কথা বলছেন। তাঁরও মনে হচ্ছে, ওই গোলটা হলে তাদের এমনভাবে হয়তো হারতে হয় না, ‘২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সমতা আনতে পারলে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যেত।’তবে জেরার্ড খানিকটা হলেও খেলা নিয়ে আলোচনায় আগ্রহী। তিনি ওই বাতিল গোলকেই সব দায় দিয়ে বসে থাকছেন না। লিভারপুল অধিনায়ক বলছেন, জার্মানি ন্যায্য জয়ই পেয়েছে খেলায়, ‘হ্যাঁ, ফ্রাঙ্কের (ল্যাম্পার্ডের) গোলটা হলে সেটা হয়তো ম্যাচের টার্নিং পয়েন্টই হতো। কিন্তু এটাকেই সবকিছুর অজুহাত হিসেবে দাঁড় করানো যায় না। ওরা চারটি গোল করেছে, আমরা একটি। আমরা অনেক ভুল করেছি। জার্মানি আমাদের চেয়ে গোছানো দল ছিল। ওরা সম্ভবত পাঁচ বা ছয়বার সুযোগ পেয়ে চারবারই স্কোর করেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। ৯০ মিনিটজুড়ে ওরাই সেরা দল ছিল।’এসব কথা বলে জেরার্ড না দেশে ‘ভিলেন’ হয়ে যান! অবশ্য জেরার্ডের কথার সঙ্গে তাঁর সতীর্থরাও অনেকে একমত। ইংল্যান্ডের একমাত্র গোলটি করা ম্যাথু আপসন যেমন বলছেন, ‘আমি শুধু বলতে পারি, আমরা ১১ জন খেলোয়াড় মাঠে শতভাগ চেষ্টা করেছি। কিন্তু জেতার মতো ভালো খেলতে পারিনি। আমি এই পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, ওদের (জার্মানরা) লোকে যতটা খারাপ ভাবছিল, অত খারাপ দল না!’চার চারটি গোল হজম করার অভিজ্ঞতা থেকে ডেভিড জেমসও ভালো করে টের পেয়েছেন, জার্মানরা ‘খারাপ’ দল না, ‘আমরা আজ (রোববার) দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় সেরা দল ছিলাম। কাউন্টার অ্যাটাকটা কী জিনিস তার একটা দারুণ প্রদর্শনী করেছে ওরা। আমার বিপক্ষে হয়তো কিছু সিদ্ধান্ত গেছে। কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে, পাল্টা আক্রমণে জার্মানি অসামান্য প্রতিভা দেখিয়েছে।’ এএফপি ও ওয়েবসাইট।