ব্যর্থতা স্বীকারে নারাজ বাতিস্তা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মাটিতে আয়োজিত কোপা প্রতিযোগিতায় আর্জেন্টিনা ছিল সবচেয়ে বড় ফেবারিট। ১৮ বছর লাতিন ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসরের অধরা শিরোপার স্বপ্নেও বিভোর ছিল তারা। ইউরোপীয় ক্লাব ফুটবলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে সমর্থকদের প্রত্যাশার মাত্রাটাও আকাশে উঠিয়েছিলেন মেসি-তেভেজরা। কিন্তু বরাবরের মতোই আর্জেন্টিনার বিদায়টা হল রংহীন, কান্নাকে সঙ্গী করে। উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় জর্জরিত আর্জেন্টাইন সমর্থকেরা যখন উন্মত্ত, ঠিক তখনই কোচ বাতিস্তা ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, তিনি এটাকে কোনো ব্যর্থতা হিসেবেই মনে করেন না। তাঁর এখনকার লক্ষ্য নাকি ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের বিশ্বকাপ!গ্রুপ পর্বের প্রথম দুইটি ম্যাচে ড্র করার পর কড়া সমালোচনার শিকার হতে হয়েছিল কোচ সার্জিও বাতিস্তাকে। তাঁকে সরিয়ে আবারও ডিয়েগো ম্যারাডোনাকে কোচ হিসেবে ফিরিয়ে আনার দাবিও উঠেছিল আর্জেন্টিনায়। এখন কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশাজনক এই বিদায়ের পর বাতিস্তার ভবিষ্যত্ কী হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করা শুরু করেছেন অনেকে। তবে বাতিস্তা নিজে অবশ্য এখন সেসব ব্যাপার একেবারেই ভাবছেন না। আজ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাতিস্তা বলেছেন, ‘আমি এখনো চালিয়ে যাব। আমি এটাকে ব্যর্থতা হিসেবে দেখছি না। এখন ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় আসর বিশ্বকাপের দিকে দৃষ্টি রেখে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তৃতীয় ম্যাচটায় আমরা ভালো খেলেছিলাম। আজকেও প্রথমার্ধেই আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল। সেটাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু পরে আমরা কিছুটা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম।’ অবশ্য এ ধরনের সাফাই গাইলেও আর্জেন্টিনা-সমর্থকদের কড়া সমালোচনার হাত থেকে বাতিস্তা বা তাঁর শিষ্যরা বাঁচতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রয়টার্স।