ব্যর্থতার কারণ টেকনিক আর টেম্পারামেন্ট
ভারতের প্রথম লিটল মাস্টার তিনিই। একসময় ছিলেন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিকও। এখন ধারাভাষ্যকার আর কলাম লেখক। কাছ থেকে প্রথম দুই টেস্টে ভারতের আত্মসমর্পণ দেখে ক্ষুব্ধ সুনীল গাভাস্কার এই সাক্ষাৎকারে বলেছেন আরও কিছু প্রসঙ্গে অনেকে আপনার ধারাভাষ্য পছন্দ করে না। আপনি অতিমাত্রায় জাতীয়তাবাদী—এ ধরনের মন্তব্যও করে।গাভাস্কার: এটা ব্যক্তিগত মত। আমি তো আর এটা নিয়ন্ত্রণ করতে পারি না। কেউ আপনার খেলা পছন্দ করবে, কেউ করবে না। একইভাবে কেউ আপনার লেখা পছন্দ করবে, কেউ করবে না। ধারাভাষ্যের ক্ষেত্রেও একই কথা। এ ব্যাপারে আমার তাই কিছুই করার নেই। তাহলে বলা যায়, এসব সমালোচনা আপনি সহজভাবেই নেন।গাভাস্কার: সমালোচনা থেকে যা কিছু শেখার আমি শিখে নেব। আমি সেই ধারণায় বিশ্বাস করি, সমালোচনাকেও আপনার কাজে লাগাতে হবে। সেটা আপনি খেলোয়াড় হোন, ব্যক্তি হোন, লেখক কিংবা ভাষ্যকার। এটাকে আপনার পক্ষে নিয়ে যেতে হবে। এতে সমস্যার কিছু নেই। কেউ কেউ আপনাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখপাত্র বলেও সমালোচনা করে, এটা জানেন?গাভাস্কার: এর উত্তর আমি আগের প্রশ্নেই দিয়ে দিয়েছি। এটা কারও নেহাতই ব্যক্তিগত মতামত। এটা স্বাধীন দেশ। যে কেউ নিজের মত দিতেই পারে। আপনার সাম্প্রতিক কলামে ভারতীয় ক্রিকেটাররা স্কুল ক্রিকেটারদের মতো খেলেন বলে সমালোচনা করেছেন।গাভাস্কার: ওরা স্কুল ক্রিকেটারদের মতো খেলেছে—আমি এটা বলিনি। আমি বলেছি প্রস্তুতি, দৃঢ়তার ক্ষেত্রে একটা পেশাদার দল যেন স্কুলছাত্রদের বিপক্ষে খেলেছে। কিন্তু এই সিরিজের জন্য ঠিকমতো প্রস্তুতির ব্যবস্থা না করতে পারায় বিসিসিআইয়ের সমালোচনাও আপনি করেননি।গাভাস্কার: কারণ আমার মতে, ব্যর্থতার মূল কারণ টেকনিক আর টেম্পারামেন্টের। এর সঙ্গে প্রস্তুতি বা পরিকল্পনার যোগসূত্র নেই। ইংল্যান্ড টেকনিক আর টেম্পারামেন্ট বেশি ভালো দেখিয়েছে। পার্থক্যটা এখানেই হয়ে গেছে। ওদের লোয়ার অর্ডার যেমন বেশি ভালো, টেকনিক দিয়ে সুইং সামলেছে। এখানেই ভারত পিছিয়ে পড়েছে। ১৯৭১ সালের সফরে আপনি প্রথম টেস্ট শুরুর এক মাস আগ থেকে ইংল্যান্ডে গিয়ে অনুশীলন করেছেন সেখানকার কন্ডিশনে মানিয়ে নিতে। কিন্তু এবার মাত্র একটাই প্রস্তুতি ম্যাচ রাখা হলো।গাভাস্কার: বেশি প্রস্তুতি ম্যাচ রাখতে পারলে তা দলের প্রত্যেককে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে সাহায্য করত। তবে এটাও ঠিক, যখন আপনি কোনো সফরের দল ঘোষণা করেন, তখনই মনে মনে একাদশটাও প্রায় ঠিক হয়ে যায়। অন্তত ১১ জনের মধ্যে নয়জনের নাম তো চূড়ান্ত হয়েই থাকে। শেষ দুটো জায়গা ঠিক করা যেতে পারে খেলোয়াড়দের ফর্ম দেখে। আরও একটা প্রস্তুতি ম্যাচ থাকলে অমিত মিশ্রর মতো খেলোয়াড়েরা সুযোগ পেত। এ কারণেই প্রস্তুতি ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টের আগে মাত্র একটা প্রস্তুতি ম্যাচ তাই কোনোভাবেই যথেষ্ট নয়। সবার মধ্যে একটা ধারণা আছে, আপনি বিসিসিআইয়ের সমালোচনা করতে একটু নিমরাজি।গাভাস্কার: কোনো উপসংহারে আসার আগে লোকেদের উচিত, আমার কলাম আর ধারাভাষ্য শোনা। আমি তো প্রায়ই সমালোচনা করি। তা হয়তো। কিন্তু একটা স্বার্থের দ্বন্দ্বও তো কাজ করে। বছরে ৩ দশমিক ৬ কোটি রুপির বিনিময়ে আপনি বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ। এই অবস্থায় স্বাধীন মত কীভাবে দেবেন?গাভাস্কার: অবশ্যই। এই প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই। স্বার্থের প্রশ্ন তো সব ধরনের কাজেই আছে। ধরুন, একজন সাংবাদিককে পছন্দ না হলেও তাঁর সম্পাদকের কথামতো কাজ করতে হয়। একইভাবে সম্পাদককেও পছন্দ না হলে প্রকাশকের নির্দেশনা অনুসরণ করতে হয়। স্বার্থের প্রশ্ন তো সবখানেই আছে।* ওয়েবসাইট থেকে ভাষান্তরিত