ব্যর্থতার ছাপ র্যাঙ্কিংয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে চার ম্যাচের চারটিতেই হার। নতুন বছরে এখনো কোনো জয়ের মুখ না দেখা বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। কাল প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আগের নবম স্থানটা ধরে রাখলেও বাংলাদেশ রেটিং পয়েন্ট খুইয়েছে ১টি। বাংলাদেশকে হারিয়েও আফগানিস্তান খুইয়েছে ২ পয়েন্ট, তবে আছে আগের দ্বাদশ স্থানেই। চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা তিনে। সবার ওপরে অস্ট্রেলিয়া, ভারত দুইয়ে।
ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম ও এনামুল হক ছাড়া বাংলাদেশের প্রায় সবাই পিছিয়েছেন। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা অধিনায়ক মুশফিক আট ধাপ এগিয়ে উঠেছেন ৩৫ নম্বরে। টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল ঢুকেছেন শীর্ষ এক শতে। ৩৩ ধাপ এগিয়ে এই ডানহাতি এখন ৭৫ নম্বরে। এ ছাড়া সাকিব আল হাসান ধরে রেখেছেন আগের অবস্থান (২৯তম)।
বোলিংয়ে ১ রেটিং পয়েন্ট বাড়িয়েও সাকিব নেমেছেন এক ধাপ। ২০ থেকে ২১-এ নেমে যাওয়া সাকিব পিছিয়েছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিয়েও। এখানেও এক ধাপ পিছিয়ে তিনে নেমেছেন বাংলাদেশের অলরাউন্ডার। তাঁকে টপকে দুইয়ে উঠেছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। শীর্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ব্যাটিংয়ে হাতবদল হয়েছে এক নম্বর স্থানটা। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি। বোলিংয়ে এক নম্বর সেই সাঈদ আজমলই। তথ্যসূত্র: আইসিসিক্রিকেটরেটিংস।