ব্যর্থতার দায় নিতে প্রস্তুত মরিনহো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন পরিস্থিতি তাঁর জন্য একেবারেই নতুন। সেমিফাইনালের প্রথম লেগের পরই দল বাদ পড়ার দুয়ারে। ফাইনালে যেতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে। সেটি করতে না পারলে চারদিক থেকে কী শোরগোল উঠবে, সেটি হোসে মরিনহোর অজানা নয়। এ কারণেই গতকাল সংবাদ সম্মেলনে বললেন, ‘বাস্তবতা হচ্ছে ফুটবল ক্লাবে সাফল্য সবারই। কিন্তু ব্যর্থতার দায় শুধুই কোচের।’ রয়টার্স। এর আগে পোর্তো ও ইন্টারকে এনে দিয়েছেন ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব। কিন্তু রিয়ালের হয়ে সেমিফাইনালে ব্যর্থতার ‘হ্যাটট্রিক’টাকেই এবার ভবিতব্য মনে হচ্ছে। তবে মরিনহো হাল ছাড়ার পাত্র নন। ‘আমি পুরোপুরি শান্ত আছি, কারণ আমি পরিস্থিতিটা জানি। অনেক অসাধারণ কোচই চ্যাম্পিয়নস লিগ জেতেনি। আমি দুবার জিতেছি। এ জন্য স্রষ্টাকে ধন্যবাদ। তবে এটাও ঠিক, আমি লড়াই ছাড়ছি না’—বলেছেন তিনি।