ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন স্পেন কোচ
নান্দনিক ফুটবল খেলেই বিশ্বকাপ জিতেছে স্পেন। বিশ্বের ফুটবলানুরাগীদের মন জয় করা সেই ফুটবলশৈলীর নেপথ্য কারিগর ছিলেন কোচ ভিসেন্তে দেল বস্ক। বিশ্বকাপ শেষ হয়েছে পাঁচ মাস আগে। এই পাঁচ মাসে সেই নান্দনিক ফুটবলের ছিঁটেফোটাও দেখাতে পারেনি বিশ্বজয়ী এই দলটি। গত সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-১ গোলে হেরে মাঠ ছেড়েছিল দেল বস্কের ছেলেরা। মূল একাদশের অনেকেই না থাকায় সেই ম্যাচ শেষে তবুও সান্ত্বনা খোঁজার একটা ব্যাপার ছিল, কিন্তু সম্প্রতি পর্তুগালের কাছে ৪-০ গোলে হেরে সবাইকে স্তব্ধ করে দিয়েছে লা রোজারা।সাধারণ ফুটবল-ভক্তদের কথা না হয় বাদই থাকলো, গোটা স্প্যানিশ মিডিয়ায়ও শাপ-শাপান্ত চলছে স্পেন ফুটবল দলের। গণমাধ্যমগুলো ইতিমধ্যেই পর্তুগালের কাছে এই হারকে বছরের সবচেয়ে বাজে হার হিসেবে অভিহিত করেছে। তবে সব সমালোচনা হাসি মুখেই নিয়েছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। পুরো ব্যর্থতার দায়ভারই নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।ক্রীড়া সাংবাদিক জোয়াকিন মাকরোটোর লেখা ‘দ্য দেল বস্ক মেথড’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, ‘এই ব্যর্থতার জন্য দায়ী প্রধান ব্যক্তি সম্ভবত আমি। আমি নিশ্চয়ই খেলোয়াড়দের মধ্যে প্রয়োজনীয় অনুপ্রেরণা জোগাতে পারিনি।’ এই হার দুটোকে স্পেনের জন্য কঠিন সতর্কবার্তা হিসেবে দেখছেন দেল বস্ক। বিশ্বকাপজয়ী একটা দল হিসেবে তাঁদের আরও দায়িত্বশীল হয়ে খেলা উচিত ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া