ব্যর্থতার দায় পুরো দলের: মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাজয়ের দায় পুরো দলকে দিলেন অধিনায়ক মুশফিক। ফাইল ছবি
পরাজয়ের দায় পুরো দলকে দিলেন অধিনায়ক মুশফিক। ফাইল ছবি

চাইলে অনেককেই এই পরাজয়ের খলনায়ক বানানো যায়। আবারও বাজে ফিল্ডিং, ক্যাচ মিসের মহড়া, শেষের ওভারগুলোতে বাড়তি রান, উইকেটে এসে অহেতুক ব্যাট চালানো, অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়ে যাওয়া। বাংলাদেশ দলের সর্বশেষ ব্যর্থতার দায় পড়ে অনেকেরই কাঁধে। তবে মুশফিকুর রহিম সুনির্দিষ্টভাবে কাউকে শূলে চড়াতে চাইলে না। বললেন, দলীয় সাফল্য যেমন সবার, দলীয় ব্যর্থতাও ভাগ করে নিতে হবে সবাইকে।
পরাজয়ের ব্যাখ্যা দিয়ে আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে আমরা একটু বেশি ভুল করে ফেলছি। যখন একদমই ভুল করা যায় না, তখনই ভুলগুলো হচ্ছে। এত বেশি ভুল করে ফেললে যেকোনো দলের বিপক্ষেই জয়টা খুব কঠিন।’
এ কারণেই ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বের হয়ে আসতে না-পারা মাহমুদউল্লাকেও বর্মের আড়ালে নিলেন, ‘আমি চেষ্টা করি কেউ খারাপ করলে তাকে সমর্থন দিয়ে তার কাছ থেকে সেরাটা আনতে। এটা শুধু রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের বেলায়ই নয়, সবার ক্ষেত্রেই। টেস্টে যেমন মার্শাল খারাপ করছিল, আমরা তাকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। একটা খেলোয়াড় যদি মনে করে আজ খারাপ করলেই বাদ, সেটা দলের জন্য কখনোই ভালো হয় না।’
অধিনায়ক নিজে আজ লড়াই করেছেন। বলা যায়, নিঃসঙ্গ লড়াই। একটাও কার্যকর জুটি গড়ে ওঠেনি। ক্রিকেট খেলাটাই পার্টনারশিপের। লক্ষ্যটা বড় হলেও ভালো জুটি পেলে ম্যাচটা বাংলাদেশ জিতে যেত বলেই মনে করেন তিনি, ‘আমরা কখনোই রান রেটে পিছিয়ে ছিলাম না। তবে যখন আপনি ২৮৯ তাড়া করবেন, তখন অন্তত একটা বড় জুটি লাগে। অন্তত যদি দুইটা সেট ব্যাটসম্যান থাকত... ওরা যেমন ৩ উইকেট পড়ার পর একটা বড় জুটি গড়েছে। মিডল অর্ডারে আমাদের দুই সেট ব্যাটসম্যান তাড়াতাড়ি আউট হয়ে গেছে। সাকিব আর নাসিরের আউটই আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।’

এই ব্যর্থতা নিয়ে বসে থাকার জো নেই। শনিবারই পরের ম্যাচ। তার কদিন পর শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। দলকে মানসিকভাবে চাঙা রাখা যাচ্ছে তো? মুশফিক বললেন, এর জন্য দরকার শুধু একটা জয়, ‘একটা জয়ই পারে আমাদের এখান থেকে বের করতে। তবে সেটা করার জন্য এই দেড় বছরে যত কষ্ট করেছি তার চেয়ে দ্বিগুণ কষ্ট করতে হবে। এই একটা জয় পাওয়া যেকোনো দলের বিপক্ষেই খুব কঠিন হবে।’

ক্যাপ: পরাজয়ের দায় পুরো দলকে দিলেন অধিনায়ক মুশফিক। ফাইল ছবি