ভারতের গুয়াহাটি ও শিলংয়ে সদ্য শেষ হওয়া এসএ গেমসে মাত্র ৪টি সোনা, ১৫টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। অথচ গত ঢাকা গেমসে বাংলাদেশ জিতেছিল ১৮টি সোনা।
‘সেভ দ্য স্পোর্টস’ নামের সংগঠনের দৃষ্টিতে এটি বাংলাদেশের ভরাডুবি। কাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব দিলদার হাসান এসএ গেমসে এই ভরাডুবির জন্য দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারকে দায়ী করে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।
এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের অর্জন মাত্র ৪টি সোনা। প্রতি সোনার জন্য খরচ হয়েছে ৬ কোটি টাকার মতো!’
সাইক্লিং ৪০ সদস্যের বিশাল বহর নিয়ে গেলেও ফিরেছে খালি হাতে। একই অবস্থা ভলিবল দলের। সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল ও ভলিবলের আশিকুর রহমান মিকু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। তাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন বলেই অভিযোগ করেন দিলদার হাসান। আর্চারি, টেনিস, তায়কোয়ান্দো, অ্যাথলেটিকস, ফুটবল, উশুর ব্যর্থতার জন্য তিনি সমালোচনা করেছেন বিওএর।