ব্যর্থতার বৃত্তে অনূর্ধ্ব-১৯
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পেরেই উঠছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ইংল্যান্ডের ত্রিদেশীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে কাল মাত্র ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশের তরুণেরা। ১৫০ রানের লক্ষ্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ছুঁয়েছে ৩১.৫ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে। এর আগে লাফবরোতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৪৫ ও হারবরোতে ১৯২ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। কিবওর্থে কাল বিনা রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, অষ্টম উইকেট হারায় ১০৯ রানে। এরপর পাঁচে ব্যাট করা নাজমুল হাসান শান্ত আবু হায়দারকে (১৮) নিয়ে দলকে নিয়ে যান ১৪৬ রানে। সবার শেষে আউট হওয়ার আগে নাজমুল ৯৬ বলে করেছেন সর্বোচ্চ ৪৬ রান। এ ছাড়া বলার মতো রান পেয়েছেন শুধু শাহরিয়ার জুম্মন (২২) ও মোসাদ্দেক হোসেন (২৫)। পাকিস্তানের দুই বাঁহাতি স্পিনার কামরান গুলাম (১৮/৪) ও জাফর গহর (১৪/৩) মিলেই নিয়েছেন ৭ উইকেট।
ঈদের দিনেও খারাপ সংবাদ শুনিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। হারবরোতে পাকিস্তানি প্রতিপক্ষের কাছে বাংলাদেশের তরুণেরা হেরেছে ৮ উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৯২ রানে অলআউট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সর্বোচ্চ ৫০ রান জসিমউদ্দিনের, এ ছাড়া ৪৬ রান করেছেন ওপেনার সাদমান। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সামি আসলাম অপরাজিত থাকেন ১২০ রান করে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টুর্নামেন্টের নিজেদের পঞ্চম ম্যাচটি আজই লিস্টারে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। তথ্যসূত্র: ক্রিকইনফো।