ব্যর্থতার বৃত্তে এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক
এনামুল হক

এনামুল হক আজ তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান করে আউট হয়েছেন। এ পর্যন্ত বলে থেমে গেলে মনে হবে কি না কি! কেউ যদি তাঁর সর্বোচ্চ স্কোরটি জানতে চান, তাহলেই সমস্যা। তিনি ২২ রান করে ফিরেছেন। তাও ঠিক ছিল, কিন্তু তিনি যে ঢংয়ে আউট হয়েছেন, সেটা আসলে কোনো টেস্ট ব্যাটসম্যানের সঙ্গে যায় না।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ম্যাচটি খেলছেন এনামুল হক। গত বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর শুরুটা ছিল প্রতিশ্রুতিরই। সেঞ্চুরি করে খুলনার মাঠ মাতিয়ে শুরুটা হয়েছিল তাঁর। এরপর থেকেই যেন তাঁর ব্যাটে খরা। শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। পরীক্ষার কারণে খেলেননি জিম্বাবুয়ে সিরিজ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টের চার ইনিংসে তিনি যা করলেন, তাতে দলে তাঁর জায়গা নিয়েই তো প্রশ্ন উঠে যায়!
ঘরোয়া ক্রিকেটে তাঁর প্রতিশ্রুতি ছিল সব সময়ই। ২৯টি প্রথম শ্রেণীর  ম্যাচে তাঁর সংগ্রহ ১৯৭০ রান। গড় চল্লিশের ওপর। ১৯৩ রানের একটি ইনিংসসহ সেঞ্চুরি আছে সাতটি। কিন্তু টেস্টের বৃহত্ পরিসরে এসে যেন কিছুতেই নিজের খেলাটা খেলতে পারছেন না।
টেস্টে চার ম্যাচে তাঁর গড় দুই অঙ্ক ছোঁয়নি। সবচেয়ে বড় কথা, একজন উদ্বোধনী ব্যাটসম্যানের কাছ থেকে দল যে ধরনের নির্ভরতা খোঁজে, তিনি তা দিতে এখনো পর্যন্ত ভীষণভাবেই ব্যর্থ। তাঁর প্রতিটি আউটের ধরনই এর পক্ষে সাক্ষ্য দিয়ে যাচ্ছে।
এনামুল হয়তো এবার নিজেই টেস্ট ক্রিকেটের কঠিন জগত্ থেকে একটু নিষ্কৃতি চাইবেন। তাঁর ক্যারিয়ারের ভালোর জন্যই তা জরুরি হয়ে পড়েছে।