ব্যর্থতার মূলে কোচ অধিনায়কের দ্বন্দ্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং-ব্যর্থতাই অস্ট্রেলিয়ার অ্যাশেজ হারের মূল কারণ, এটা মোটামুটি পরিষ্কার। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে ব্যাটিং-ব্যর্থতার কারণও। দলের কোচ ও ভারপ্রাপ্ত অধিনায়কের দর্শনেই যখন অমিল, পারফরম্যান্সে এর প্রভাব তো পড়বেই! মাইকেল ক্লার্কের দর্শন, কোনো অবস্থাতেই নিজের সহজাত ব্যাটিংকে বদলে ফেলার প্রয়োজন নেই। আর টিম নিলসেনের ভাবনা, কখনো কখনো নিজেকে মানিয়ে নিতে হবে পরিস্থিতির চাহিদা অনুযায়ী।ইংল্যান্ড সিরিজে পাঁচ শ পেরিয়েছে চারবার, অস্ট্রেলিয়া চার শ পেরিয়েছে মাত্র একবার। ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যান তিন অঙ্ক ছুঁয়েছেন মোট ৯ বার, অস্ট্রেলিয়ার মাত্র দুজন সেঞ্চুরি করেছেন তিনটি। প্রায় প্রতি ইনিংসের শুরুতেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। নিলসেন তাই শিষ্যদের বলেছিলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে শিখতে হবে। তবে সিডনিতে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পরও অধিনায়ক ক্লার্ক সতীর্থদের বলেছিলেন, ‘শতভাগ নিজের সহজাত খেলাটা খেলতে। আমার মতে, ক্রিজ আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করলে এবং শুধু ব্লক করে গেলে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবারই পৃথক সত্তা, তবে নিজের পরিকল্পনায় সবাইকে স্থির থাকবে হবে। সবাইকে নিজের মতোই খেলা উচিত।’ক্লার্কের কোচ নিলসেনের মত কিন্তু উল্টো, ‘আমি এমন বলছি না যে কেউ কভার ড্রাইভ খেলবে না বা কাট করবে না। এসব খেলতে না পারলে তো আর কোনো ক্রিকেটার এই পর্যায়ে আসতে পারে না। তবে আমাদের ঠিক করতে হবে কোন সময় আমরা এসব শট খেলব। বুঝতে হবে কখনো কখনো নিজের স্বাভাবিক খেলাটা একটু গুটিয়ে রাখতে হয়।’নিলসেনের সঙ্গে ক্লার্কের মতের অমিল এই প্রথম নয়। অস্ট্রেলিয়া দলের বাইরে থাকা পেস বোলার স্টুয়ার্ট ক্লার্ক সম্প্রতি একটা পত্রিকায় লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ক্লার্ক-নিলসেনের ঝামেলা হয়েছিল। তবে এসব গুঞ্জন আর দলের বাজে ফর্মের পরও ক্রিকেট অস্ট্রেলিয়া আস্থা রাখছে নিলসেনের ওপরই। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘সে খুব ভালো কাজ করছে, আর এ জন্যই কিছুদিন আগে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ক্রিকেটারদের উন্নতিতে সে খুব ভালো কাজ করছে।’ ওয়েবসাইট।