ব্যর্থতায়ও ‘উন্নতি’ দেখেন সাকলায়েন
হারারের উইকেটে টার্ন-বাউন্স ছিল। পেসারদের ভালো বল করার একটা যুক্তি সেখানে আছে। কিন্তু বুলাওয়েতেও সেই ভালোটা ধরে রাখার কী রহস্য!রহস্যটাকে রহস্য হিসেবেই ঢেকে রাখা যেত যদি কুইন্স স্পোর্টস ক্লাব মাঠের উইকেটে প্রত্যাশিত বল করতে পারতেন স্পিনাররাও। সবাই ভালো বল করছে, এটাই তো যথেষ্ট! কারণ খোঁজার দরকার কী?দরকারটা পড়ছে প্রথম ওয়ানডেতে স্পিনারদের কষ্ট দেখে। আরও নির্দিষ্ট করে বললে সাকিব আল হাসানের কষ্ট। ৩ ওভার বল করে ২৭ রান দিয়েছেন, দুটি ছক্কা খেয়েছেন, উইকেট পাননি একটাও। স্পিনারদের প্রতিনিধি হয়ে ১ উইকেট কেবল আবদুর রাজ্জাকের। অথচ ভালো জায়গায় বল ফেলার টোটকা দিয়ে পেসার জিয়াউর রহমান পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।দলে স্পিনারদের অভিভাবক সাকলায়েন মুশতাক অবশ্য মনে করেন না এই এক ম্যাচের পারফরম্যান্স দিয়েই স্পিনারদের অবস্থার মূল্যায়ন হওয়া উচিত। চিন্তিত হওয়ার কারণ দেখছেন না সাকিবকে নিয়েও, ‘সাকিব টেস্টে খুবই ভালো বল করেছে। ব্যাটিংও করেছে ভালো। আর আমি তো তাকে ইতিবাচকই দেখি। নিজের ওপর পুরো নিয়ন্ত্রণ আছে। আত্মবিশ্বাসও যথেষ্ট। সে ফিরে আসবে ইনশা আল্লাহ।’স্পিন বল, পেস বল, ব্যাটিং—এগুলোকে আলাদা করেও দেখতে নারাজ সাকলায়েন। সবকিছু মিলেই দল এবং দলীয় পারফরম্যান্সটাই সবার ঊর্ধ্বে তাঁর কাছে। স্পিনারদের ব্যর্থতার চেয়ে পেসারদের সাফল্যকেই তাই বড় করে দেখতে চান সাবেক পাকিস্তানি অফ স্পিনার, ‘এতে তো এটাও প্রমাণিত হয় যে আমরা শুধু স্পিনেই না, ফাস্ট বোলিং এবং ব্যাটিংয়েও উন্নতি করছি। ভবিষ্যতে হয়তো দেখবেন জয়ের জন্য আমরা আর একটা মাত্র বিভাগের ওপর নির্ভর করে বসে নেই। সবাই একসঙ্গে খেলে, কাজেই পারফরম্যান্সটাও একই রকম হওয়া উচিত।’কথাটা ভুল নয়। বোলিং সাফল্যে আসা বাংলাদেশের জয়গুলোতে বরাবর স্পিনাররাই অবদান রেখে আসছেন। এবার না হয় পেসাররাও কিছু করলেন! তা ছাড়া ভালো দল হয়ে উঠতে হলে কেবল স্পিন অস্ত্র দিয়েই তো এগোনো যাবে না। প্রয়োজন সব বিভাগেই সমান শক্তিমত্তা। কথাটা সাকলায়েনও বললেন, ‘এটা খুব ভালো লক্ষণ। শীর্ষ দলগুলো যেখানে আছে আমরাও সেদিকেই এগিয়ে যাচ্ছি। বিশ্বের এক, দুই বা তিন নম্বর দল যেভাবে খেলে, অনুশীলন করে, আমাদেরও লক্ষ্য সেভাবে খেলা।’ আর এই সম্ভাবনাটা ধরে রাখতে সিরিজের পরের ম্যাচগুলোয় পেসারদের আরও বেশি দায়িত্ব দেখছেন তিনি। কুইন্স স্পোর্টস ক্লাবের উইকেট তাতে সহায়ক হবে বলেই ধারণা সাকলায়েনের, ‘উইকেটে কিছুটা ঘাস আছে। এই উইকেট অবশ্যই পেসারদের সাহায্য করবে। দেখা যাক কালকের (আজ) উইকেটটা কেমন হয়।’টেস্ট দলে না থাকলেও ওয়ানডে সিরিজের আগে আগে এসে দ্রুতই জিম্বাবুয়ের জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন রাজ্জাক। পেস সাফল্যের প্রথম ওয়ানডেতে উইকেটও পেয়েছেন একটা এবং সেটাও সবচেয়ে বড় ভয় ব্রেন্ডন টেলরের উইকেট। কোচ সাকলায়েনের প্রশংসাই পাচ্ছেন তিনি এ জন্য, ‘আমি খুশি, কারণ আসল উইকেটটা সে-ই পেয়েছে। খুব ভালো ফর্মে আছে টেলর। প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছে। জিম্বাবুয়ের মূল ব্যাটসম্যানকে আউট করেছে, একই সঙ্গে রাজ্জাকের বোলিং ফিগারও বেশ সন্তোষজনক।’৬-২-১০-১—সন্তোষজনক বোলিং বিশ্লেষণ তো বটেই। কিন্তু বল হাতে রাজ্জাকও কি পেরেছেন পুরোপুরি নিজেকে মেলে ধরতে? প্রশ্নের উত্তর যা-ই হোক, সাকলায়েনের কাছে গুরুত্বপূর্ণ অন্য বিষয়, ‘তাকে বলেছিলাম, নেটে আমরা অনেক অনুশীলন করেছি, অনেক কথা বলেছি। কিন্তু এখন তুমি মাঠে যাচ্ছ। সেখানে যেভাবে সম্ভব মানিয়ে নাও। পিচ, কন্ডিশন, পরিস্থিতি বুঝে নিজের খেলাটা খেলো। সে সেটা করেছে এবং আমি তাতেই খুশি। সে ফ্ল্যাট বল করল, উইকেট নিল কি নিল না, বোলিং ফিগার কী—এসব নিয়ে আমি চিন্তিত না। সে তার কাজটা করেছে।’জিম্বাবুয়ে সফরটা এবার হার দিয়ে শুরু হলেও টেস্ট সিরিজ শেষ পর্যন্ত ড্র করা গেছে। ওয়ানডেতেও এখন পর্যন্ত বাংলাদেশই এগিয়ে। সাকলায়েন মুশতাকের চোখে দুই দলের এটাই বাস্তব পার্থক্য, ‘কাগজ-কলম এবং অভিজ্ঞতায় আমরা অবশ্যই ভালো দল। আমরা তাদের তুলনায় ভালো খেলিও। আমরা ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলকেও হারিয়েছি। ভবিষ্যতে হয়তো আমরা এটাও প্রমাণ করে দেব, শুধু জিম্বাবুয়ে নয়, বিশ্বের অন্য দলগুলোর চেয়েও এগিয়ে আছি আমরা।’সাকলায়েন মুশতাকের মুখে ফুলচন্দন পড়ুক। তবে এর আগে আজও জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরা প্রমাণ করুক বাংলাদেশ দল।