ব্যস্ত সময় কাটছে নেগ্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ঢাকায় এসে কাল থেকে ব্যস্ত হয়ে পড়েছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে। দুপুরে বিএএফ শাহীন স্কুলের কৃত্রিম টার্ফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে স্কুলের ছাত্রছাত্রীদের আধা ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। আজ মহান বিজয় দিবস উপলক্ষে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হবে সাবেক খেলোয়াড়দের একটি প্রীতি ম্যাচ। মাঠে বসে এই ম্যাচ দেখার কথা রয়েছে তাঁর। আগামীকাল নেগ্রে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে দেখা করবেন। এরপর করবেন জাতীয় স্কুল হকির উদ্বোধন। নীল টার্ফের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা তাঁর ১৮ ডিসেম্বর।
টার্ফ তো এল, ফ্লাডলাইট দেওয়ার অগ্রগতি কত দূর? এমন প্রশ্নে লিয়ান্দ্রো নেগ্রে বল ঠেলে দিয়েছেন এ দেশের ক্রীড়া প্রশাসনের কোর্টে, ‘বন্ধু হিসেবে সব সময় বাংলাদেশের পাশে থাকবে এফআইএইচ। তবে সহায়তা কীভাবে নেবে, তা ঠিক করতে হবে বাংলাদেশকেই।’
ফ্লাডলাইটের জন্য অন্তত ৬ কোটি টাকা প্রয়োজন। তবে নেগ্রের সুপারিশে ‘মস্কো লাইটিংস’ নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠান কম মূল্যে ফ্লাডলাইট সরবরাহ করতে পারে। এ জন্য টার্ফের মতো ন্যূনতম মূল্য বাবদ এফআইএইচকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে বাংলাদেশকে।
বিমার আওতায় খেলোয়াড়েরা: এবার অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়দের স্বাস্থ্যবিমার ব্যবস্থা করেছে ফেডারেশন। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে প্রাথমিক চুক্তি আগেই হয়েছিল। কাল আনুষ্ঠানিক ঘোষণার পর দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে নেগ্রের উপস্থিতিতে। এ ছাড়া বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডের চ্যাম্পিয়ন জাতীয় দল এবং এএইচএফ কাপজয়ী অনূর্ধ্ব-২১ দলের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দিয়েছে ফেডারেশন।