ব্যাংককে নাঈমের সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্সেস কাপ তায়কোয়ান্দোতে অংশ নিতে ১৭ মার্চ ব্যাংকক গেছেন তায়কোয়ান্দো খেলোয়াড় আলী নাঈম। এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ২৫ মার্চ। তবে মূল টুর্নামেন্ট শুরুর আগেই একটি সাফল্য পেয়ে গেলেন বাংলাদেশের এই খেলোয়াড়। কাল দ্য সেঞ্চুরিয়ান ক্লাসিক তায়কোয়ান্দোতে সোনা জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাঈম। উন্মুক্ত এই টুর্নামেন্টের ফাইনালে থাইল্যান্ডের নিকোন জি গেরিলকে হারিয়েছেন তিনি। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনে কখনো অনুশীলন করেননি নাঈম। খেলেননি জাতীয় দলেও। তারপরও ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম খুশি এমন অর্জনে, ‘থাইল্যান্ড অলিম্পিকে পদক জেতার মতো দল। এ জন্য এই টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েও আমরা দল পাঠানোর সাহস পাই না। তবে যে কেউ ব্যক্তিগত উদ্যোগে সেখানে খেলতে যেতে পারে। নাঈম হয়তো সেভাবেই গেছে। তারপরও সে বাংলাদেশের হয়ে পদক জেতায় আমি ভীষণ খুশি।’