ব্যাখ্যা দিলেন ‘কাইজার’
বন্দুকের গুলি আর মুখের কথার মতো বিপজ্জনক জিনিস নাকি আর কিছু নেই। দুটোই একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এখন সেটা নিশ্চয় খুব ভালোমতোই টের পাচ্ছেন!প্রথম লেগে চার গোলে বিধ্বস্ত হওয়ার পর বার্সার সম্ভাবনা শেষ বলেই ধরে নিচ্ছেন সবাই। বেকেনবাওয়ার দুই দিন আগে জার্মান পত্রিকা বিল্ডকে বলেছিলেন, বার্সা নাকি জেতার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করবে। ‘বৈধ ও অবৈধ’ সবকিছুই। ‘কাইজার’ এবার বলছেন তাঁর কথা ঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি। কেউ ভুল বুঝে থাকলে বিল্ড-এর মাধ্যমে ক্ষমাও চেয়েছেন।বেকেনবাওয়ারের ব্যাখ্যা, ‘আমি শুধু বলতে চেয়েছি, ফাইনালে যেতে হলে বার্সার যা করা দরকার, তার সবই তারা করবে। কিন্তু অবৈধভাবে নয়। আমি যখন বলেছি তারা সব উপায়েই চেষ্টা করে দেখবে, তার মানে আমি ওদের প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ দেওয়ার প্রসঙ্গটাই বলতে চেয়েছি। আর খেলায় তো এটা স্বাভাবিকই। আমি যখন খেলোয়াড় বা ম্যানেজার ছিলাম, তখন এটাই করতাম।’অবৈধ কিছু করা বার্সার ভাবমূর্তির সঙ্গে যে যায় না, সেটাও নিজে থেকেই বললেন জার্মান কিংবদন্তি, ‘বার্সা বিশ্বের সবচেয়ে বড় ও সৎ ক্লাবগুলোর একটি। আমি তাদের সম্মান করি। আর আমি নিশ্চিত, বুধবার (আজ) পরিচ্ছন্ন খেলাই হবে। দুই দলই ফাইনালে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করবে, আমি শুধু এটাই বলতে চেয়েছি।’ রয়টার্স।