ব্যাঙ্কসের চেয়েও এগিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুটবল ইতিহাসের সেরা সেভ নিয়ে খুব বেশি তর্ক হতো না এত দিন। পরশু সেই অবকাশ তুলে দিলেন গিলের্মো ওচোয়া। ৪৪ বছর পর একজন প্রতিদ্বন্দ্বী পেলেন গর্ডন ব্যাঙ্কস! ১৯৭০ বিশ্বকাপে ব্যাঙ্কসের একটি গোল বাঁচানোকে মনে করা হয় ইতিহাসের সেরা সেভ। সেটির সঙ্গে পরশু ওচোয়ার সেভের অদ্ভুত মিল। সেবার বঞ্চিত হয়েছিলেন ব্রাজিলের ওই সময়ের নায়ক পেলে, পরশু বঞ্চিত ব্রাজিলের এই সময়ের নায়ক নেইমার! দুটিই ছিল হেড এবং প্রায় একই জায়গা থেকে। লেফটব্যাক টেরি কুপারের ক্রস থেকে ছোট ডি বক্সের ঠিক বাইরে বাঁ কোনায়, প্রতিপক্ষ ডিফেন্ডার থেকে বেশি লাফিয়ে হেড করেছিলেন পেলে। বার ঘেঁষে বল জালে ঢোকার ঠিক আগমুহূর্তে দুর্দান্ত রিফ্লেক্সে ডান দিকে ডাইভ দিয়ে এক হাতে বল বাইরে পাঠান ব্যাঙ্কস। এবার ওই একই জায়গায় নেইমারকে বল বানিয়ে দিয়েছিলেন রাইটব্যাক দানি আলভেজ। একই ভাবে ডান দিকে ঝাঁপিয়ে বাঁচান ওচোয়া। পার্থক্য শুধু, পেলের হেড ড্রপ খেয়েছিল গোলকিপারের দুই গজ সামনে, নেইমারের হেড গোলে ঢুকছিল সরাসরি। সেরা কোনটি? বিতর্ক তো সবে শুরু!