ব্যাট করে এসে জানলেন সালমা
আয়ারল্যান্ডকে হারালেই ওয়ানডে স্ট্যাটাস—বাংলাদেশ দল এটাই জেনে এসেছে। কিন্তু ঘটনা তা নয়। আয়ারল্যান্ডকে হারিয়েও প্লে-অফ খেলতে হচ্ছে। বিষয়টা বাংলাদেশ অধিনায়ক নিজে জেনেছেন ব্যাটিং করে ফেরার পর।‘আমাদের তো কেউ ওভাবে জানায়নি। তাই আমরা ধরে নিয়েছিলাম, এই ম্যাচ জিতলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। কিন্তু ব্যাট করে আসার পর জেনেছি, প্লে-অফ খেলতে হবে’—সংবাদ সম্মেলনে বললেন সালমা।টিম ম্যানেজমেন্টও বিষয়টা সেভাবে ভেবে দেখেনি। এর ফলে একটা বিভ্রান্তিই ছড়াল। বিসিবির মহিলা শাখার প্রধান আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বললেন, ‘আমরা তো কাউকে বলিনি এই ম্যাচ জিতলেই ওয়ানডে স্ট্যাটাস পাব।’ একেক সাংবাদিকের কাছে একেক রকম কথা বলেছেন তিনি। কারও কারও কাছে দুঃখ প্রকাশও করেছেন। কারও কাছে টিম ম্যানেজমেন্টের ‘ভুল’ বললেন।সে যা-ই হোক, বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারিয়েছে এটাই বড় কথা। ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আইরিশ মেয়েরা। সেই তাদেরই প্রথমবারের সাক্ষাতে হারিয়ে দিল বাংলাদেশ। এমন জয়ে বাংলাদেশের ভারতীয় কোচ মমতা মাবেন উচ্ছ্বসিত, ‘আমি খুশি। আমরা আমাদের পরিকল্পনা মাঠে বাস্তবায়িত করতে পেরেছি।’ তবে ভুলে যাচ্ছেন না—এখনো কাজ শেষ নয়। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। কোচের সঙ্গে সুর মিলিয়ে সালমাও বললেন, ‘আমরা একটা কাজ শেষ করলাম। এখন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা নিয়েই শুধু ভাবব।’ম্যানেজার দীপু রায় চৌধুরী সেটির ওপরই জোর দিলেন বেশি, ‘এ ম্যাচটা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে থেকেই ম্যাচটা নিয়ে বাড়তি পরিকল্পনা ছিল। আমরা সফল। সামনের ম্যাচগুলোর নিয়েই এখন আমাদের সব চিন্তা।’ওদিকে হতাশ আইরিশদের পক্ষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক ইসোবেল জয়েস একটা কথাই বলে গেলেন, ‘বাংলাদেশের স্পিন আক্রমণটা আমরা সামলাতে পারিনি। আমাদের বোলিংও ভালো হয়নি। অনেক আলগা বল দিয়েছি।’