ব্যাট-বলের জমাট লড়াই

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার আগের দিন সেঞ্চুরি, সময়োচিত ইনিংস!
শুনে হাসলেন মার্শাল আইয়ুব, ‘নাহ্...ওভাবে দেখছি না।’
কিন্তু সেঞ্চুরিটা তো বড় এক স্বস্তি হওয়ার কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে খুব খারাপ না খেললেও পোক্ত করতে পারেননি জায়গাটা। এই সেঞ্চুরিতে অন্তত দলে টিকে যাওয়া তো নিশ্চিত হলো?
আবার হাসেন মার্শাল, ‘হয়তো সেভাবেই ভাবা উচিত। কিন্তু আমি ওভাবে ভাবি না। রান পেয়েছি, ভালো লাগছে, এই তো..!’
হয়তো সত্যিই মনের কথা বলেছেন। তবে বড় সত্যিটা হলো, কালকের সেঞ্চুরিটিকে বলা যায় তাঁর টেস্ট দলে টিকে যাওয়ার সার্টিফিকেট। সেঞ্চুরি না পেলেও সময়োচিত ইনিংস এসেছে আরেকজনের ব্যাট থেকেও। আগের রাউন্ডের ডাবল সেঞ্চুরি যদি টেস্ট ক্যাপ দৃষ্টি সীমানায় নিয়ে এসে থাকে, কালকের ৬৫ রানে তা একরকম মাথায়ই তুলে ফেললেন শামসুর রহমান। দুজনকে কিছু বাড়তি নম্বর দেওয়া যায়, প্রতিপক্ষের বোলিং আক্রমণের জন্যও। রুবেল-রবিউল-রাজ্জাক-সোহাগ, জাতীয় দলের বোলিং আক্রমণের বিপক্ষেই তো রান করেছেন মার্শাল-শামসুর!
বাংলাদেশের টেস্ট একাদশের ব্যাটিং অর্ডারে এই দুটি জায়গা নিয়েই যা একটু প্রশ্ন ছিল। বিসিএলের দুই রাউন্ড সম্ভবত সেটির মীমাংসা করে দিল। এমনিতে দুই ম্যাচেই দারুণ জমে উঠেছে ব্যাট-বলের লড়াই। অধিনায়ক মাহমুদউল্লাহর ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৭/৯৪) দক্ষিণাঞ্চলের লিডটাকে ৬৫ রানে আটকে রাখতে পেরেছে মধ্যাঞ্চল। পরে মার্শাল-শামসুরদের ব্যাটে সেই লিড ছাপিয়ে ২৫৩ রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল। হাতে ৫ উইকেট, ওভারপ্রতি রান তুলেছে সাড়ে চার করে। অথচ এই ২২ গজেই প্রথম দিনে উইকেট পড়েছিল ১৭টি!

‘বাজে উইকেটের’ জন্য প্রথম দিনে খেলা বন্ধ থাকার পরও যে মাঠে প্রথম দিনে উইকেট পড়েছিল আটটি, কাল সেই ২২ গজই দেখল ১৫ উইকেটের পতন! নাবিল সামাদের ৬ উইকেটে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ২২ রানের লিড পেয়েছে পূর্বাঞ্চল। তবে বিকেলে তিন উইকেট হারিয়ে স্বস্তিতে নেই তারাও। ৭ উইকেট হাতে নিয়ে লিড ১০১ রানের।
তিন নম্বর মাঠ প্রথম দিনে উইকেট-প্রপাত দেখলেও তাতে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের দায়ই ছিল বেশি। কাল যেমন দেখা গেল, উইকেট ব্যাটসম্যানদের পক্ষেই। বল ব্যাটে এসেছে দারুণভাবে। ছন্দে থাকলে যেমন খেলেন, মার্শালের ব্যাটে ছিল সেই সৌন্দর্য। খেলেছেন চোখ ও মনকে প্রশান্তি দেওয়া সব ড্রাইভ। দুই বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও তাইবুর রহমানকে ডাউন দ্য উইকেটে এসে আছড়ে ফেলেছেন সাইটস্ক্রিনে। ৬৮ রানে কঠিন একটা ক্যাচ দিয়ে বেঁচে গেছেন। দিন শেষে অপরাজিত ১২২ রানে। ৬৫ রানের ইনিংসটির জন্য শামসুর কৃতজ্ঞ থাকতে পারেন আম্পায়ারের কাছে। সোহাগ গাজীর বলে কট বিহাইন্ড হয়েও বেঁচে গেছেন শুরুতেই। বল হাতে জ্বলে উঠলেও টেস্ট একাদশে জায়গা হারানো মাহমুদউল্লাহ পুরোনো রোগে আক্রান্ত ব্যাট হাতে। থিতু হওয়ার পরও ব্যর্থ বড় ইনিংস খেলতে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ মধ্যাঞ্চলের হাতেই।
দুই নম্বর মাঠের উইকেট সত্যিই ব্যাটসম্যানদের জন্য কঠিন। বেশির ভাগ বল এসেছে নিচু হয়ে। মাঝেমধ্যেই বল ছিল গোড়ালির নিচে, হঠাৎ হঠাৎ আবার আচমকা লাফিয়েছে অনেকটা। ৮ উইকেটে ২৬১ রান নিয়ে দিন শুরু করা পূর্বাঞ্চল আর যোগ করতে পেরেছে মাত্র ৯। দুটি উইকেটই নিয়েছেন সোহরাওয়ার্দী। আগের দিন আট উইকেটের সাতটি নেওয়া তাইজুল থেমেছেন সাতেই। নাবিল সামাদের স্পিনে তবুও বড় লিড পাওয়ার পথে ছিল পূর্বাঞ্চল। উত্তরাঞ্চল প্রথম ৬ উইকেট হারিয়েছিল ৯৯ রানে। সাতে নেমে ফরহাদ রেজার ৭৬ বলে ৭২ আর আটে নেমে সোহরাওয়ার্দীর অপরাজিত ৬৭ রানে লিড ২২ রানের বেশি হতে দেয়নি বিসিবির দলটি। বিকেলে পূর্বাঞ্চলের ৭৯ রান আর উত্তরাঞ্চলের ৩ উইকেট ম্যাচকে রেখেছে প্রায় সমতায়।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৭০ (মুমিনুল ৯৪, অলক ৫৮, রাজিন ৩৮, তামিম ২৪; তাইজুল ৭/৭১, সোহরাওয়ার্দী ২/৬৬, তানভীর ১/৩৯) ও ২য় ইনিংস: ২১ ওভারে ৭৯/৩ (নাফিস ৩৭, মুমিনুল ২৪; তাইজুল ১/১৯, শুভাশিস ১/২২, ফরহাদ রেজা ১/২৮)। উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৬৮ ওভারে ২৪৮ (ফরহাদ রেজা ৭২, সোহরাওয়ার্দী ৬৭*, মুশফিক ৩১; নাবিল ৬/৬৯, অলক ১/৩, তাপস ১/৩২, আলাউদ্দিন ১/৩৪)।
দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল
মধ্যাঞ্চল: ১৬৫ ও ৭১ ওভারে ৩১৮/৫ (মার্শাল ১২২*, শামসুর ৬৫, মাহমুদউল্লাহ ৪১, রকিবুল ৩১, শাহরিয়ার ২৭; তাইবুর ৩/৩৪, রবিউল ১/৩২, রাজ্জাক ১/৭৫)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৬৪.২ ওভারে ২৩০ (মিঠুন ৮৮, তাইবুর ৩১, ইমরুল ২২, সৌম্য ২১; মাহমুদউল্লাহ ৭/৯৪, সানি ২/৩৪, শাহাদাত ১/৪৫)।