ব্যাট-বলের লড়াই আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা রয়েল বেঙ্গলসে নয় বিদেশির সাতজনই ছিলেন পাকিস্তানি। আজ ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা, অথচ অধিনায়ক শাহরিয়ার নাফীস কাল সন্ধ্যা পর্যন্তও জানতেন না, কারা আসছেন এই পাকিস্তানিদের জায়গায়!মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটরসে পাকিস্তানি ছিলেন কেবল শহীদ আফ্রিদিই। তবে প্রথম ম্যাচে অন্য বিদেশিদের মধ্যে কাকে কাকে দলে পাবেন, কাল সকালে অনুশীলন চলাকালেও জানা ছিল না তাঁর। তবে বিদেশি খেলোয়াড়দের নিয়ে খুব বেশি অস্বস্তিতে নেই তিনি, ‘আজ-কালের মধ্যে হয়তো সবাই চলে আসবে।’আজ দ্বিতীয় ম্যাচের দুই দল সিলেট রয়্যালস ও বরিশাল বার্নার্স অবশ্য প্রথম ম্যাচ থেকেই বিদেশি খেলোয়াড়ে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। সাঈদ আজমল, উমর গুল, কামরান আকমল আর হাম্মাদ আজমকে না পেলেও বরিশালে খেলতে ব্রিটিশ পাসপোর্টধারী আজহার মেহমুদ, কবির আলী ও ফিল মাস্টার্ড এরই মধ্যে এসে গেছেন। ম্যানেজার সাব্বির খান কালও আশাবাদী ছিলেন, ব্র্যাড হজ চলে আসবেন আজকের ম্যাচের আগেই। হজের জন্য অপেক্ষায় কাল পর্যন্ত অধিনায়কও ঠিক করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ‘হজ এলে প্রথম ম্যাচ থেকে সে-ই অধিনায়ক থাকবে। নইলে প্রথম ম্যাচে বিকল্প কাউকে দায়িত্ব দেওয়া হবে’—বলেছেন সাব্বির।বরিশাল বার্নার্সের আজকের প্রতিপক্ষ সিলেট রয়্যালসে চার পাকিস্তানি ক্রিকেটার ছিলেন, তবে তাঁদের কেউই খুব বড় তারকা নন। পিসিবি খেলোয়াড় না ছাড়ার পরও তাই স্বস্তিতেই অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুরে কাল অনুশীলন শেষে বললেন, ‘আমাদের ও রকম বড় নামকরা পাকিস্তানি খেলোয়াড় ছিল না। সেদিক দিয়ে খুব একটা সমস্যা নেই, যে সমস্যাটা অন্যান্য দলের হয়েছে।’ অন্য বিদেশিদের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা, পল স্টার্লিং চলে এসেছেন কালই। আজ চলে আসার কথা এল্টন চিগুম্বুরা, মোহাম্মদ নবী আর ডার্ক ন্যানেসেরও। সঙ্গে দেশি খেলোয়াড়েরা তো আছেনই। মুশফিক তাই যথেষ্টই স্বস্তিতে, ‘আশা করি, অন্তত পাঁচজন বিদেশি খেলোয়াড়কে প্রথম ম্যাচেই পাব। সঙ্গে আমাদের বেশ কয়েকজন ভালো স্থানীয় খেলোয়াড়ও আছে। আশা করি, সমস্যা হবে না।’স্থানীয় খেলোয়াড়দের বিচারে সবচেয়ে ভালো দল সম্ভবত খুলনারই। অধিনায়ক শাহরিয়ার নাফীসের কাছে তাই দলের চেহারাটাও পরিষ্কার, ‘তিন পেসারের মধ্যে ডলার-ফরহাদ দুজনই অলরাউন্ডার। শাহাদাতও খারাপ ব্যাট করে না। দুজন বাঁহাতি স্পিনার—সানজামুল ও নাবিল। রাতুল (আসিফ আহমেদ) আছে অফ স্পিনার কাম ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসেবে আছি আমি, নাজিমউদ্দিন, মিঠুন, মিজান আর রিকি ওয়েসেলস।’প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফিও স্থানীয়দের প্রাধান্যে গড়া খুলনার শক্তিমত্তায় সতর্ক। তবে তিনি আস্থা রাখতে চান স্থানীয় খেলোয়াড়দের ওপরও, ‘এক দলে ছয়জন করে দেশি খেলোয়াড় খেলবে। সুতরাং যারা খেলবে, পারফর্ম করার সুযোগ তো অবশ্যই আছে। যারা বাইরে থাকবে, তাদেরও কোনো না কোনো সময়ে সুযোগ অবশ্যই আসবে। আশা করব, সে সুযোগ তারা কাজে লাগাবে। বাংলাদেশের ক্রিকেটের জন্যই সেটা দরকার।’মাশরাফির কথায় যেটা লুকিয়ে থাকল, সেটা সরাসরিই বলে দিলেন বরিশাল বার্নার্সের ইলিয়াস সানি। পাকিস্তানি খেলোয়াড়েরা না আসায় এবারের বিপিএলটাকে স্থানীয় খেলোয়াড়দের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আলোটা এখন স্থানীয় খেলোয়াড়দের ওপর পড়বে। আমাদের দেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা সুযোগ পাচ্ছিল না। এখন তারা সুযোগ পাবে।’বিসিবির সভাপতি আগেই ঘোষণা করেছেন, দ্বিতীয় বিপিএল পুরো বাংলাদেশের জন্যই চ্যালেঞ্জ। পাকিস্তানিরা না আসায় চ্যালেঞ্জটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও। সুযোগ কাজে লাগানোর চ্যালেঞ্জ।