ব্যাট হাতে ছোট ভাই, বল হাতে বড়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাথান ও ব্রেন্ডন ম্যাককালাম
নাথান ও ব্রেন্ডন ম্যাককালাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। আজ অকল্যান্ডে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ক্যারিবীয়দের বিপক্ষে কিউইরা জিতেছে ৮১ রানের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের জয়ের নায়ক ম্যাককালাম ভাইয়েরা। একজন সর্বনাশ করেছেন ব্যাট হাতে, অন্যজন বোলিংয়ে।

টসে জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ পুরো ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান তুলতে সমর্থ হয়। হঠাত্ ‘ব্যাটসম্যান’ হয়ে ওঠা টিনো বেস্টের ব্যাট থেকে ৪০ রানের এক ইনিংস না এলে ক্যারিবীয়দের আরও বড় ধরনের লজ্জাতেই পড়তে হতো।

নিউজিল্যান্ডের পক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান। ইনিংসের শেষের দিকে লুক রনকি মাত্র ২৫ বলে ৪৮ রানের এক ঝোড়ো ইনিংস খেললে নিউজিল্যান্ডের সংগ্রহটা কঠিনই হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের জন্য।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ করে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের বড় ভাই নাথান। ২৪ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কখনোই স্বস্তিতে থাকতে দেননি এই স্পিনার। দুই ম্যাককালাম ভাইয়ের মধ্যে কাকে বেছে নেওয়া হবে—সেই ঝামেলায় না গিয়ে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে ঝোড়ো ইনিংস খেলা রনকিকে। সূত্র: রয়টার্স