ব্যাট হাতে শেষ দেখার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

বান্দ্রার পেরি ক্রস রোডের বাড়িটায় পরশু সন্ধ্যা থেকে বাজছে বিদায়ের রাগিণী। সেই বিষণ্ন সুর যেন ছড়িয়ে গিয়ে অবশ করে দিয়েছে বিশ্বের প্রতিটি ক্রিকেট অনুরাগীর হূদয়। এ বাড়ির কর্তা, ‘ক্রিকেটের ঈশ্বর’ অবসরে যাচ্ছেন কিছুদিন পরই!
নভেম্বরের ১৪ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেট রূপকথার মহানায়কের ক্যারিয়ারের ২০০তম টেস্ট। এমন এক মাইলফলক যেখানে তাঁর আগে পৌঁছাতে পারেননি ইতিহাসের কোনো ক্রিকেটার। পরে পৌঁছাবেন সে সম্ভাবনার ক্ষীণ রেখা দেখা যাচ্ছে না দূরদূরান্তেও। সঙ্গে ক্রিকেটের অতিমানবীয় সব অর্জন মিলিয়ে এ বিদায় এমন মহিমান্বিত যে টেন্ডুলকার-যুগের ‘শেষ অধ্যায়’ কোথায় মঞ্চস্থ হবে জল্পনা-কল্পনার অন্ত নেই তা নিয়েও।
দেশের মাটিতে ২০০তম টেস্ট খেলে বিদায় নিতে চান—এটা টেন্ডুলকার জানিয়ে দিয়েছেন বোর্ডের কাছে লেখা চিঠিতেই। কিন্তু কোথায় হবে সেই টেস্ট? সবচেয়ে বেশি গুঞ্জন—টেন্ডুলকারের ঘরের মাঠে ওয়াংখেড়েই হতে পারে সেই মহামঞ্চ। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে আবর্তনপদ্ধতি মেনে চলে, সেটি বিবেচনায় নিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা গুজরাটের মোতেরা স্টেডিয়ামে। সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না গুজরাটের মুখ্যমন্ত্রী ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র মোদিও। কিন্তু মাস্টার ব্লাস্টারের বিদায়ী টেস্ট বলেই এ ক্ষেত্রে আবর্তনপদ্ধতি অনুসরণ নাও করতে পারে বিসিসিআই। এটা জেনেই বিশেষ এই টেস্টের ভেন্যু হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেনও।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টেন্ডুলকার নিজে চাইছেন মুম্বাইয়েই ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে। বিসিসিআইয়ের কাছে এরই মধ্যে টেন্ডুলকার সেই অনুরোধও করেছেন বলে জানিয়েছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রবি সাওয়ান্ত, ‘তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা মুম্বাইতে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন।’ তবে শেষ পর্যন্ত বিসিসিআই তাঁর অনুরোধে সাড়া দিল কি না সেটি জানা যাবে আগামী মঙ্গলবার বোর্ডের সভার পর। গতকাল টেন্ডুলকারের দীর্ঘদিনের সতীর্থ সৌরভ গাঙ্গুলী তো সরাসরিই বলেছেন, ‘আমি চাই টেন্ডুলকারের অবসরের টেস্টটা মুম্বাইয়ে হোক।’
ঘরের মাঠেই ব্যাটিং জিনিয়াসের বিদায়ী টেস্ট খেলার সৌভাগ্য হচ্ছে কি না—জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে টেন্ডুলকারের পূর্বসূরি বা সমসাময়িক কিংবদন্তিদের মধ্যে খুব বেশি এ সৌভাগ্যের অধিকারী নন। ডন ব্র্যাডম্যান তাঁর শেষ টেস্ট খেলেছিলেন লন্ডনের ওভালে। মুম্বাইয়ের সুনীল গাভাস্কার শেষ টেস্ট খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরুতে। যাঁর সঙ্গে সবচেয়ে বেশি তুলনা করা হয়েছে টেন্ডুলকারের, সেই ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ ব্রায়ান লারা তাঁর শেষ টেস্ট খেলেছেন করাচিতে। তাসমানিয়ার রিকি পন্টিং থেমেছেন পার্থে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কাছাকাছি সময়ের ক্রিকেটারদের মধ্যে একমাত্র স্টিভ ওয়াহ নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ভারতের বিপক্ষে নিজের মাঠ সিডনিতে।

অবসরের ঘোষণার বেলায়ও টেন্ডুলকার অন্যদের চেয়ে একটু আলাদা। দুই সতীর্থ রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণ গত বছর জানুয়ারিতে অ্যাডিলেডে শেষ টেস্ট খেলে দেশে ফেরার অনেক পর দিয়েছেন অবসরের ঘোষণা। বছর পাঁচেক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজের দিন দুয়েক আগে সৌরভ জানিয়ে দিয়েছিলেন, ওটিই তাঁর শেষ সিরিজ। সেই তুলনায় টেন্ডুলকারের হাতে যথেষ্ট সময় আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের মাস খানেক আগে বিদায় ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

যাবতীয় আবেগ সামলে শেষবারের মতো ২২ গজে নামতে হয়তো এটুকু সময় দরকার ছিল টেন্ডুলকারের। ব্যাট হাতে তাঁকে শেষ দেখার কিছুটা প্রস্তুতি তো চাই ক্রিকেট অনুরাগীদেরও! ওয়েবসাইট।

সংখ্যার খেলায় টেন্ডুলকার

৩

  টেন্ডুলকার এমন তিনজনের সঙ্গে বা বিপক্ষে খেলেছেন, যাঁদের অভিষেক হয়েছিল তাঁর জন্মের আগে।

২০

  সতীর্থ কিংবা প্রতিপক্ষ হিসেবে এমন ২০ জনকে পেয়েছেন, যাঁদের জন্ম হয়েছিল তাঁর অভিষেকের পর!

২৪

  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট পঞ্চম দিন পর্যন্ত গড়ালে টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ার হবে ২৪ বছর ৩ দিনের। ক্রিকেট ইতিহাসের পঞ্চম দীর্ঘতম।

৭৬

  ক্যারিয়ারে ম্যান অব দ্য ম্যাচ ৭৬ বার। ৬২ বার ওয়ানডেতে, টেস্টে ১৪ বার। তাঁর চেয়ে বেশি ম্যাচসেরা হননি আর কোনো ক্রিকেটার।

৮৪

  সবচেয়ে বেশিবার টেন্ডুলকারের বিপক্ষে খেলার রেকর্ড রিকি পন্টিংয়ের, ৮৪ ম্যাচে।

১০০

  আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের সেঞ্চুরি। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিয়ের চেয়ে ২৯টি বেশি।

৩৯২

  ভারতীয়দের মধ্যে টেন্ডুলকার সবচেয়ে বেশি খেলেছেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে, ৩৯২টি ম্যাচ। অনিল কুম্বলেকে সতীর্থ হিসেবে পেয়েছেন ৩৬৭ ম্যাচে, ৩৪২টি ম্যাচে পেয়েছেন সৌরভ গাঙ্গুলীকে।

৪৮৫

  টেস্ট ক্রিকেটে টেন্ডুলকার প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন মোট ৪৮৫ জনকে। অথচ অস্ট্রেলিয়া থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটারই এসেছেন ৪৩৪ জন।

৯৮২

  আন্তর্জাতিক ম্যাচে সতীর্থ কিংবা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন মোট ৯৮২ জন ক্রিকেটারকে, ১৪০ জন ভারতীয়, ৮৪২ জন বিদেশি।

৩৪২৭৩

  আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের মোট রান। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ।