ব্যাটসম্যান ছাপিয়ে নেতা
গ্রায়েম স্মিথ তবে হ্যাটট্রিক করেই ছাড়লেন!দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডে পা দেওয়ার আগে থেকেই গুঞ্জন—এবার কি ‘স্মিথের শিকার স্ট্রাউস?’ ইংল্যান্ডে এর আগের দুটি সফরেও অধিনায়ক ছিলেন স্মিথ। এবং ওই দুই সিরিজই শেষ করে দিয়েছিল দুই ইংলিশ অধিনায়কের অধিনায়কত্ব। ২০০৩ সালে নাসের হুসেইন, ২০০৮ সালে মাইকেল ভন। অধিনায়ক হিসেবে সম্ভাব্য শেষ ইংল্যান্ড সফরে স্মিথ বধ করলেন অ্যান্ড্রু স্ট্রাউসকে!এটা অবশ্যই কাকতাল। তার পরও না হয় স্মিথের ‘ইংল্যান্ড অধিনায়ক বধ’ ইতিহাসের কারণে ধরে নেওয়া গেল, অধিনায়ক স্ট্রাউসের শেষ নিয়তি নির্ধারিত ছিল। কিন্তু ক্রিকেটই ছেড়ে দেওয়া? এ ঘোষণাটা বড় এক বিস্ময় হয়ে এসেছে ইংলিশ সংবাদমাধ্যমের কাছেও। আজকের স্ট্রাউস হয়ে ওঠার অভিযান যেখানে শুরু হয়েছিল, সেই লর্ডসে কাল যখন কেতাদুরস্ত হয়ে হাজির হলেন অ্যালিস্টার কুককে নিয়ে, তখনো কেউ ধারণা করতে পারেনি কী ঘোষণা আসছে।স্ট্রাউসকে নিয়ে প্রশ্ন উঠছিল গত বেশ কিছুদিনই। তবে সেটি তাঁর অধিনায়কত্ব নিয়ে নয়, ব্যাটিং ফর্ম নিয়ে। সেদিক থেকে ভাবলে শুধু অধিনায়কত্ব ছাড়ার বদলে দল থেকে সরে দাঁড়ানোই তো স্বাভাবিক। কিন্তু স্ট্রাউসের মতো প্রেক্ষাপটে বেশির ভাগই অধিনায়কত্ব ছেড়ে দেন নির্ভার ব্যাটসম্যানকে ফিরে পাওয়ার জন্য। তাতে ক্যারিয়ার আরও দীর্ঘ হওয়ার নজিরও কম নেই। কিন্তু স্ট্রাউস হয়তো অধিনায়ক না থেকে আর খেলে যাওয়ার মানে খুঁজে পাননি!‘গড়পড়তা’ স্ট্রাউসকে ‘বিশেষ’ করে তুলেছে তো ওই অধিনায়কত্বই। হরহামেশা ৫০ ব্যাটিং গড়ের এই যুগে স্ট্রাউসের ৪০ গড়কে খুব সাধারণই মনে হয়। দারুণ কিছু ইনিংস অবশ্য আছে, ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিও তাঁর। কিন্তু ইংলিশ ক্রিকেট স্ট্রাউসকে মনে রাখবে দুটি অ্যাশেজ জেতানো অধিনায়ক, ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জেতানো অধিনায়ক, ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় তোলা অধিনায়ক হিসেবে। ৫০ টেস্টে ২৪ জয় আর ২.১৮ জয়-পরাজয়ের হার তাঁকে রাখছে বিশ্ব ক্রিকেটেরই সফল অধিনায়কদের তালিকায়।অথচ পিটার মে, মাইক ব্রিয়ারলি বা মাইকেল ভনদের মতো সহজাত নেতা ছিলেন না মোটেই। মিডলসেক্সের দিনগুলোতে তো বটেই, ইংল্যান্ড ক্যারিয়ারের শুরুর অনেক দিন পরও তাঁকে ‘ক্যাপ্টেনসি ম্যাটেরিয়াল’ হিসেবে ভাবা হয়নি। বড় কারণ তাঁর অতি শান্ত, ধীরস্থির চরিত্র, আলোর আড়ালে থাকার স্বভাব। অথচ অধিনায়ক হওয়ার পর এটাই হয়ে উঠেছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। কেভিন পিটারসেন-পিটার মুরস দ্বন্দ্বের ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে দায়িত্ব নিয়ে দলকে সামলেছেন শক্ত হাতে। স্ট্রাউসের ইংল্যান্ড সম্পর্কে সবচেয়ে বেশি বলা হতো যে কথাটা—‘এই দলটা এককাট্টা’—সেটি তো অধিনায়কেরই কৃতিত্ব।’ সুখের সংসারে শেষ দিকে আবার পিটারসেন-আগুন। স্ট্রাউসের যদিও দাবি, এটার সঙ্গে অবসরের কোনো সম্পর্ক নেই।সম্পর্ক না খোঁজাই ভালো। বিতর্কহীন ক্যারিয়ারের শেষটায় বিতর্ক টানার প্রয়োজন কী! লর্ডসের সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকেরা যেমন উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন, বিদায়বেলায় ক্রিকেট-বিশ্বের কাছ থেকেও এমন কিছুই প্রাপ্য নিপাট এই ভদ্রলোকের!