ব্যাটসম্যান নাঈমকেই চিনি আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাঈম ইসলামকে প্রথম দেখি প্রিমিয়ার লিগে, সূর্যতরুণে। তার আগে ওর নাম জানতাম। ঘরোয়া ক্রিকেটে ও অনেক রান করত রাজশাহীর হয়ে। জাতীয় লিগে রাজশাহীর যে অনেক সাফল্য, তাতে নাঈমের অনেক অবদান।নাঈমকে কাছ থেকে প্রথম দেখি একসঙ্গে ক্লাব দলে খেলার সময়ই। ও জাতীয় দলে যে বছর গেল তার আগে আমরা একসঙ্গে সূর্যতরুণে খেলেছিলাম। একদিন অনুশীলন্রেপাইলট (খালেদ মাসুদ) আমাকে বলল, ‘হাবিব, ছেলেটার ব্যাটিং একটু দেখো...।’ নাঈমের ব্যাটিং দেখে প্রথমেই মনে হয়েছিল ওর টেকনিক বেশ নিখুঁত। অনেকের টেকনিকে অনেক জটিলতা থাকে। কিন্তু ওর ব্যাটিংটা ছিল পরিষ্কার। কোনো জড়তা ছিল না।নাঈমকে কিন্তু ব্যাটসম্যান হিসেবেই চিনি আমি। ক্লাব ক্রিকেটে ওকে দিয়ে নিয়মিত বোলিং করাতাম না। দরকার হলেই কেবল বল দিতাম। কিন্তু ব্যাটিং করত চার নম্বরে। আমাদের মধ্যে বেশ কিছু ভালো জুটি হয়েছিল সেবার। তখনো দেখেছি ওর টেকনিক ভালো, সোজা ব্যাটে খেলে। ওই বছর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার জন্যই ও জাতীয় দলে ডাক পেল। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখলাম, সূর্যতরুণের ব্যাটসম্যান নাঈম জাতীয় দলে গিয়ে বোলার হয়ে গেছে!আমার কাছে সব সময়ই মনে হয়, নাঈম একজন ব্যাটসম্যান, যে ভালো বলও করতে পারে। ওকে সাত-আট নম্বরে ব্যাটিং করিয়ে আমরা তার ব্যাটিংটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছি না। হয়তো ওপরের দিকে ওর জায়গা নেই, তবে মূলত নাঈম টপ-অর্ডারে খেলা ব্যাটসম্যান।দূর থেকে দেখে মনে হচ্ছে, সাত-আটে ব্যাটিং করায় ওর ব্যাটিং স্টাইল কিছু বদলে গেছে। ‘ছক্কা নাঈম’ নামটাও বোধ হয় ওর জন্য খুব একটা ভালো হয়নি। এখন যদি ও আবার ওপরে ব্যাটিং করতে আসে, ব্যাটিং স্টাইলটা তাকে অবশ্যই বদলাতে হবে। কারণ এখন ওর মাথায় বিগ শটের চিন্তাভাবনা খুব বেশি। প্রথম যে নাঈমকে দেখেছিলাম তার চেয়ে এখনকার নাঈমের পার্থক্য অনেক। এটি আসলে স্বাভাবিকও। ও যে জায়গায় ব্যাটিং করে সেই কারণেই এই পরিবর্তন।আগেই বলেছি, নাঈম আমার কাছে আগে ব্যাটসম্যান পরে বোলার। ও অফ স্পিনার কাম ব্যাটসম্যান নয়, ব্যাটসম্যান কাম অফ স্পিনার। তবে হ্যাঁ, বোলার হিসেবে খুব বুদ্ধিমান নাঈম। বোলিংয়ে নিজের ঘাটতিটা পুষিয়ে নেয় বুদ্ধি দিয়ে, ব্যাটসম্যানকে ভালো পড়তে পারে। প্রয়োজনের সময় একজন অধিনায়কের জন্য আদর্শ বোলার হতে পারে নাঈম। পরিস্থিতি অনুযায়ী যে বলটা করা দরকার, নাঈম সেটাই করবে। এ রকম বোলার হাতে থাকলে যেকোনো পরিস্থিতিতে অধিনায়কের একটা অবলম্বন থাকে।নাঈম খুব ভালো ফিল্ডারও। স্লিপ ছাড়া যেকোনো পজিশনে ওকে ফিল্ডিং করানো যায়। নাঈম খুব ভালো টিম ম্যানও। ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। লিগে সে বছর শুরুর দিকে নাঈম দুটি ম্যাচ জিতিয়েছিল আমাদের। আমাদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না, এমন অবস্থায় ও দুটো দারুণ ইনিংস খেলেছিল। হি ইজ এ ফিনিশার—সে ম্যাচ শেষ করে আসতে পারে।মাঠের বাইরে নাঈমকে দেখার বেশি সুযোগ হয়নি। ও যখন জাতীয় দলে আসে তখন আমি জাতীয় দলের বাইরে। আর ক্লাব ক্রিকেটেও একজন খেলোয়াড়ের মাঠের বাইরের চেহারাটা দেখার উপায় থাকে না। খেলার বাইরে সেখানে সবার একসঙ্গে খুব কমই থাকা হয়।হয়তো ব্যাটিং-অর্ডারের কারণে নিজের ব্যাটিংটা করার সুযোগ পায় না নাঈম। শুধু বিশ্বকাপ বলেই নয়, তার কাছে আমার প্রত্যাশা, সুযোগ পেলেই সে যেন নিজের আসল ব্যাটিংটা করে। নিজেকে ব্যাটসম্যান হিসেবে চিন্তা করে। গেলাম, খেললাম, আউট হয়ে গেলাম—এটা যেন না হয়। কারণ নাঈম আসলেই একজন ব্যাটসম্যান। অবশ্য ও যে জায়গায় এখন ব্যাটিং করছে, খুব কার্যকর ব্যাটিংই করছে। আমাদের এখন প্রায় ম্যাচেই আড়াই শর মতো রান হয় এবং এর কৃতিত্ব নাঈম ও মাহমুদউল্লাহর। সাত-আটে তারা খুব ভালো একটা জুটি গড়ে।বিশ্বকাপে অবশ্য ব্যাটিং বদলানোর দরকার নেই নাঈমের। যেটা করছে সেটাই করুক। এটা করে সে সফলও হচ্ছে। নাঈমের ব্যাটিংটা দরকার হয় খুব ছোট ছোট কিছু সময়ে। আশা করব, ওই সময়গুলোয় দলের জন্য যা দরকার বিশ্বকাপে সেটাই করে যাবে নাঈম। বিশ্বকাপে এটা খুব দরকার হবে দলের।আমাদের দলে আরও স্পিনার আছে। তবে নাঈম খেললে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা সাকিব-রাজ্জাকের তুলনায় তাকেই টার্গেট করবে বেশি। রান করার জন্য নাঈমের ওভারগুলোই বেছে নিতে চাইবে তারা। বিশ্বকাপে সব দলই কিছু হিসাব করে আসে এবং নাঈম সে হিসাবের মধ্যে পড়ে যাবে বলে আমার মনে হয়। সে রকম হলে আমার পরামর্শ থাকবে, বোলার নাঈম যেন উইকেট নেওয়ার চেয়ে রান কম দেওয়ায় বেশি মনোযোগী হয়। যদিও আবারও বলি, আমি ব্যাটসম্যান নাঈমকেই চিনি।