প্রথম দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংস: ২৩২ শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬০/০
ব্যাটসম্যানদের আত্মহত্যা আর আম্পায়ারদের ভুলের দিন

দিনের শেষটা হয়ে থাকল কেবলই চামিন্ডা ভাসের। ড্রেসিংরুমে ৪০তম জন্মদিনের কেক কাটা হলো তাঁকে ঘিরে। পাশে থাকলেন কাল দুপুরেই ঢাকায় এসে পৌঁছা মিসেস ভাস। দলের অন্যদের সঙ্গে থাকলেন শ্রীলঙ্কার দুই পেসার সুরাঙ্গা লাকমল আর শামিন্দা ইরাঙ্গাও। জন্মদিনের পার্টিতে থাকাদের মধ্যে এ দুজনের কথা আলাদা করে বলার কারণ, পেস বোলিং কোচ ‘গুরু’ চামিন্ডা ভাসকে এবারের জন্মদিনের বড় উপহারটা যে তাঁরাই দিলেন!
কথাটা শুনে অবশ্য লাকমল-ইরাঙ্গাও লজ্জা পেতে পারেন। প্রথমজন ৬৬ রানে নিয়েছেন ৩ উইকেট, পরেরজন ৪৯ রানে ৪ উইকেট। এটুকু শুনলে মনে হতে পারে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল এই দুই পেসারই ধসিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে। আসলেই কি তাই?
না, শ্রীলঙ্কান বোলারদের সাফল্যে বাংলাদেশি ব্যাটসম্যানদের কৃতিত্বই বেশি। ‘ব্যাটসম্যানরা আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে’ বলে ইরাঙ্গাই সেটি স্বীকার করে গেছেন দিন শেষের সংবাদ সম্মেলনে।
সর্বশেষ তিন টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩৯১, ৫০১ ও ২৮২। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে মুশফিকুর রহিমের পায়ের তলার মাটি অনেক শক্তই ছিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রথম ইনিংসের ব্যাটিং এখন আর বাংলাদেশ দলের জন্য বড় কোনো সমস্যা না। কিন্তু কাল যে সেই পুরোনো জুজুটাই ফিরে আসছিল আবার!
৫৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর প্রথম ইনিংসে দুইশ হওয়ার সম্ভাবনাও পড়ে গিয়েছিল শঙ্কার মধ্যে। শেষ পর্যন্ত রান ২৩২। পরে ৬০ রান তুলতে একটিও উইকেট না হারিয়ে টেস্টের প্রথম দিনটা নিজেদের করে রাখল শ্রীলঙ্কা।
টেস্টের জন্য স্পোর্টিং উইকেট চেয়েছিল বাংলাদেশ দল। কিউরেটর গামিনি ডি সিলভা ধন্যবাদ পেতে পারেন সে প্রত্যাশা পূরণ করায়। দিন শেষে উইকেটের প্রশংসা করে সাকিব আল হাসান পরোক্ষভাবে সেটা তাঁকে দিলেনও। কিন্তু তাতে যে আফসোসই বাড়ে কেবল! এমন ব্যাটিং স্বর্গেও কি নির্মম আত্মহত্যার মিছিলেই না নামলেন বাংলাদেশ ব্যাটসম্যানরা!
স্বাগতিক দলের একাদশে তিন পেসার দেখার ব্যতিক্রমী অভিজ্ঞতাই হয়তো টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছিল শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে। কিন্তু উইকেট বোলারদের যতটা না সাহায্য করল, তার চেয়ে বেশি করলেন ব্যাটসম্যানরা। শামসুর রহমানের সঙ্গে তামিমের নতুন টেস্ট ওপেনিং জুটিতে এল ৩৫ রান। ইরাঙ্গার শর্ট বলের ফাঁদে পড়ে পুল খেলা তামিম লাকমলের হাতে ধরা পড়লেন বাউন্ডারিতে। শর্ট বলে উইকেট দিয়ে আসার ভুল করেছেন মুমিনুলও। শামসুরের ব্যাটিংয়ে তাড়াহুড়ার ভাব সব সময়ই থাকে। অভিষেক টেস্টের স্নায়ুচাপ কাল তা আরও বাড়িয়ে দিয়ে থাকতে পারে। তার মধ্যেই ৩৪ বলে ৩৩। ইরাঙ্গার করা অফ স্টাম্পের বাইরের বলে দূর থেকে ব্যাট চালিয়ে গালিতে ক্যাচ—স্নায়ুচাপের ফলই হয়তো!
ব্যাটসম্যানদের ভুল যেমন ছিল, বাংলাদেশের অল্প রানে অলআউট হওয়ায় আরেকটা কারণ বাজে আম্পায়ারিংও। মার্শাল আইয়ুবের এলবিডব্লু নিয়ে প্রশ্ন আছে। মুশফিক তো আউট হওয়ার পর শরীরী ভাষায় বুঝিয়েছেন, এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে তাঁর আপত্তি আছে। সাকিব আল হাসানের কথা শুনে মনে হলো নাসিরের কট বিহাইন্ড নিয়েও আছে প্রশ্ন। তবে সাকিব নিজের আউটটা নিয়ে আত্মগ্লানিতেই ভুগছিলেন। উইকেটে থিতু হয়েও হেরাথের বলে ওই সময় অমন সুইপ শট না খেললেই বুঝি ভালো করতেন সাকিব।
ব্যাটসম্যান আর আম্পায়ারদের ভুলের ভিড়ে যা একটু আশার আলো দেখিয়েছিল সাকিব-মুশফিকের ব্যাটিং। ফিফটি পেয়েছেন দুজনই। ৫৯ রানে ৪ উইকেট পড়ার পর পঞ্চম উইকেটে দুজনে মিলে যোগ করেছেন ৮৬। পরে সোহাগ গাজীর সঙ্গে মুশফিকের সপ্তম উইকেট জুটিতেও এসেছে ৫৩ রান। কিন্তু মুশফিকের বিদায়ে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল বাংলাদেশ দলেরও! ২৯ রানে শেষ ৪ উইকেটের পতন যতি টানল প্রথম ইনিংসে ভালো রান করার ধারাবাহিকতায়।