ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মুশফিকুর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াই শুরু হচ্ছে কাল মঙ্গলবার। শুরুটা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আর এই ম্যাচে সফরকারী দলকে হারিয়ে ভালো শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ভালো করার ব্যাপারে আশাবাদী কোচ স্টুয়ার্ট ল-ও। তবে তিনি মনে করেন, ভালো করতে হলে ‘স্মার্ট’ ক্রিকেট খেলতে হবে ক্রিকেটারদের।অধিনায়ক হিসেবে অভিষেকের ঠিক আগের দিন সংবাদ সম্মেলন। একটু চিন্তিত মনে হলেও মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে হাজির হলেন মুখে হাসি নিয়েই। এসেই প্রথমে শুনতে হলো, ‘অধিনায়ক হিসেবে আপনার অনুভূতি কী?’মুশফিকুর নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। সেই দায়িত্বটি ভালোভাবে পালন করতে চাই।’নিজেদের লক্ষ্যের ব্যাপারে মুশফিক বললেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে জয় দিয়ে সিরিজের শুরুটা ভালো করতে চাই আমরা। পুরো সিরিজেই দলের ব্যাটসম্যানদের ভালো কিছু করতে হবে। আমাদের বোলাররা তো সব সময় নিজেদের সেরাটাই দিয়ে আসছেন। শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ও টেস্ট সিরিজে ওপরের দিকের ব্যাটসম্যানরা রান করতে পারলে ভালো ফল আসবে।’ক্যারিবীয় বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি প্রসঙ্গে নতুন অধিনায়ক বলেন, ‘আগের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা ভালো ফলাফল করতে পারিনি। তাই এই সিরিজে ভালো ফলাফল করতে চাই। এবার আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে সিরিজে ভালো ফলাফল আশা করা যায়।’সিরিজের একমাত্র টোয়েন্টি টোয়েন্টি নিয়ে কথা বলার আগে নতুন অধিনায়ক মুশফিকের প্রশংসা করলেন দলের কোচ স্টুয়ার্ট ল। তিনি বললেন, ‘মুশফিক খুব ভালো খেলোয়াড়। এর প্রমাণ ও গত কয়েকটি সিরিজে দিয়েছে। আশা করছি, অধিনায়ক হিসেবেও ভালো করবে মুশফিক।’নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে স্টুয়ার্ট ল বলেন, সীমিত ওভারের ম্যাচে পরিকল্পনা থাকে একরকম, টি-টোয়েন্টি ম্যাচে পরিকল্পনা আরেক রকম। বর্তমানে এই স্কোয়াডে ভালো খেলার মতো খেলোয়াড় রয়েছে। তবে এ জন্য স্মার্ট ক্রিকেট খেলতে হবে।প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে লর মূল্যায়ন—ক্যারিবীয়রা আক্রমণাত্মক ক্রিকেট খেলে। প্রস্তুতি ম্যাচে ওরা তা করে দেখিয়েছে। দলে ভালো মানের ক্রিকেটার রয়েছে। শুধু টি-টোয়েন্টি নয়, সব ধরনের ফরম্যাটে ভালো করার ক্ষমতা আছে ওয়েস্ট ইন্ডিজের। বাসস।