‘কে জিতল কে হারল’র চেয়ে আলোচনাটা এবার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েই বেশি। নিউজিল্যান্ড সিরিজে যাঁরা ভালো খেলেননি বা ওই সিরিজে না খেলারা নিজেদের ফেরাতে কেমন করছেন, জাতীয় লিগের সব কৌতূহল সেদিকেই।তা জাতীয় লিগের প্রথম দুই রাউন্ড সে কৌতূহলের জবাবে সুখবরই দিচ্ছে। কাল দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন বরিশালের রকিবুল হাসান আর রাজশাহীর নাঈম ইসলাম। রাজশাহীর আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিম সেঞ্চুরি না পেলেও করেছেন ৯৩ রান। মোহাম্মদ আশরাফুলও আছেন রানে—প্রথম ম্যাচে ৪০ রান করার পর কাল সিলেটের বিপক্ষে ৫২ বলে করেছেন অপরাজিত ৬৬। এ ছাড়া খুলনার তুষার ইমরান ৯৮, ঢাকার শামসুর রহমান ৫০, বরিশালের শাহরিয়ার নাফিস ৪২—জাতীয় লিগের কালকের দিনটা যেন ব্যাটসম্যানদেরই!দিনটা রাজশাহী, ঢাকা আর বরিশালেরও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে ২৮১ রান করা রাজশাহী ১৫১ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামকে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ঢাকার জয় ৭ উইকেটের। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল ১৯ রানে জিতেছে খুলনার বিপক্ষে।মিরপুরে ৫৫ রানে প্রথম ৩ উইকেট হারানো রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে চতুর্থ উইকেট জুটিতে নাঈম-মুশফিকুরের ২১২ রানের বড় জুটিতে। ৩৮ ওভার ৫ বল একসঙ্গে উইকেটে থেকে এই দুই ব্যাটসম্যান চট্টগ্রামের বোলার-ফিল্ডারদের কোনো সুযোগই দেননি। ১২০ বলে সেঞ্চুরি পূর্ণ করা নাঈম ১২৫ বলে ১১৩ রান করে অপরাজিত, ছয়টি চারের সঙ্গে সেটি অলংকৃত চারটি ছক্কায়ও। তবে দুর্ভাগ্য মুশফিকুরের। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে নাজমুল ইসলামের বলে লং অনে ক্যাচ দিয়েছেন ফয়সাল হোসেনকে।ইনিংসের তৃতীয় বলেই চট্টগ্রামের ওপেনার নাজিমউদ্দিনের উইকেট উপড়ে ফেলেন শফিউল ইসলাম। তবে আরেক ওপেনার নাফিস ইকবাল ও আফতাব আহমেদ দ্বিতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে চাইলেন। ১০ ওভার একসঙ্গে থেকে ৬৬ রান, ব্যাট হাতে দেখা যাচ্ছিল সেই পুরোনো নাফিস আর আফতাবকেই। কিন্তু সাকলায়েন সজীবকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আফতাব স্টাম্পড হয়ে যাওয়ার পর রীতিমতো ভেঙে পড়ে চট্টগ্রাম। মাত্র ৫৭ রানে শেষ ৭ উইকেটের পতন, চট্টগ্রাম অলআউট ১৩০ রানে।রাজশাহীতে ১৫৮ রানে অলআউট হয়ে যাওয়া সিলেটের বিপক্ষে অনায়াস জয় তুলে নিয়েছে ঢাকা। আশরাফুলের পাশাপাশি ফিফটি করেছেন শামসুরও। ৪১ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে শামসুর-আশরাফুলের ১১৪ রানের জুটি। জয়ের কাছাকাছি গিয়ে অলক কাপালির বলে শামসুর ফিরতি ক্যাচ দিলেও সাত বাউন্ডারি আর দুই ছক্কায় ৫২ বলে ৬৬ রান করা আশরাফুল ৩০.৪ ওভারেই জিতিয়ে দিয়েছেন দলকে, সে সঙ্গে জোরালো করছেন জাতীয় দলে ফেরার দাবি। প্রথম আলোর রাজশাহী প্রতিনিধিকে ম্যাচ শেষে আশরাফুল বলেছেন, ‘আমি চেষ্টা করছি স্ট্রাইক রেট বাড়াতে। কিছুদিন ধরে আমি যে রকম ব্যাটিং করছি, তাতে স্ট্রাইক রেট কমে যাচ্ছিল। কিন্তু আমার ব্যাটিং তো আসলে এত স্লো নয়, দ্রুত রান করার সামর্থ্যও আমার আছে। জাতীয় লিগে আমি সেটাই চেষ্টা করছি।’ঢাকায় নাঈম-মুশফিকুর, রাজশাহীতে আশরাফুল আর বগুড়ায় রকিবুল। নিউজিল্যান্ড সিরিজে রানখরায় ভুগলেও জাতীয় লিগে এই ব্যাটসম্যানের রান রীতিমতো হাসছে। প্রথম ম্যাচে ৯০ রানে অপরাজিত ছিলেন। অপরাজিত থাকলেন কালও, ৯৯ বলে ১০১ রান করে! তাঁর এই সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ২৫২ রান করেছিল বরিশাল। ১৩৩ রানে ৪ উইকেট পড়ার পর পঞ্চম উইকেট জুটিতে আরাফাত সালাউদ্দিনের সঙ্গে মিলে ৮৫ রান যোগ করেছেন রকিবুল। জবাবে তুষারের ১১০ বলে ৯৮ রানের সৌজন্যে লড়াই ভালোই করছিল খুলনা। চতুর্থ উইকেটে অধিনায়ক সগীর হোসেনের সঙ্গে তাঁর ৭২ রানের জুটিতে জয়টা সম্ভব বলেই মনে হচ্ছিল। কিন্তু তুষার নার্ভাস নাইনটিতে শাফাক আল জাবিরের বলে শাহরিয়ার নাফীসের ক্যাচ হয়ে গেলে সব সম্ভাবনার মৃত্যু। মাত্র ৩৩ রানে শেষ ৭ উইকেট পড়েছে খুলনার।প্রথম পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ আগামী পরশু।সং ক্ষি প্ত স্কোররাজশাহী-চট্টগ্রামরাজশাহী: ৫০ ওভারে ২৮১/৬ (নাঈম ১১৩*, মুশফিকুর ৯৩, সাব্বির ২৬, জহুরুল ২৩; নাজমুল ৩/৪৮, মাহমুদুল ২/৩২, কামরুল ১/৭১)। চট্টগ্রাম: ৩৮.৫ ওভারে ১৩০ (নাফীস ৩৪, আফতাব ৩০; সাব্বির ৩/১৩, নাঈম ২/৭, সাকলায়েন ২/১১, নাসির ১/২১, শফিউল ১/২৫, সোহরাওয়ার্দী ১/২৮)। ফল: রাজশাহী ১৫১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।ঢাকা-সিলেটসিলেট: ৪৬.১ ওভারে ১৫৮ (আবুল হাসান ৩৭, সায়েম ৩৬, সাকের ২৩, অলক ২০; নূর হোসেন ৩/৩৩, ইলিয়াস ২/১৭, শরীফ ২/২৬, আশরাফুল ১/৯, মাহমুদউল্লাহ ১/২৬)। ঢাকা: ৩০.৪ ওভারে ১৬২/৩ (আশরাফুল ৬৬*, শামসুর ৫০, রনি ২২; অলক ১/১২, আবুল হাসান ১/২২, আবু জায়েদ ১/৩০)। ফল: ঢাকা ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আশরাফুল।খুলনা-বরিশালবরিশাল: ৫০ ওভারে ২৫২/৫ (রকিবুল ১০১*, শাহরিয়ার ৪২, নাসিরুদ্দিন ৪২, আরাফাত ৩২; ফরিদ উদ্দিন ১/২৬, রবিউল ১/৩৮, বিশ্বনাথ ১/৪৫, ডলার ১/৫০)। খুলনা: ৪৮.২ ওভারে ২৩৩ (তুষার ৯৮, অমিত ৪১, সগীর ২৫, মিঠুন ২৩; কামরুল ৪/৪৩, মনির ২/২৫, আরাফাত ১/৩৪, শাফাক ১/৪৮)। ফল: বরিশাল ১৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল হাসান।