ব্যাটসম্যানদের দুষছেন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহ-উল-হকের চোখে খলনায়ক তাঁদের ব্যাটিং। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান অধিনায়ক নিজেও ব্যর্থ। সেটা জেনেই যেন দায়টা ভাগাভাগি করে নিলেন মিসবাহ, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছে সবার, কিন্তু আমরা কেউই সেটাকে বড় স্কোর বানাতে পারিনি। ২০-৩০ রান করে ম্যাচ জেতা যায় না।’
পাকিস্তানও জেতেনি। দক্ষিণ আফ্রিকার বেঁধে দেওয়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অলআউট হয়ে গেছে ১৯১ রানে। ৬৮ রানে হেরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে পেড়েছে ২-১ ব্যবধানে। এর আগেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়টি ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান, জিততে পারেনি কোনোটিতেই। এবারও পিছিয়ে পড়ায় বাকি দুটি ম্যাচের আগে সতীর্থদের আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন মিসবাহ, ‘যদি আমরা সিরিজ হারতে না চাই তাহলে ব্যাটিং নিয়ে আরও ভাবতে হবে। যখন শুরুটা ভালো হয়, সেটা ধরে রাখতে হবে।’
পরশু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। কিন্তু ২ উইকেটে ৮৬ রান থেকে হঠাৎই ৭ উইকেটে ১১৬ হয়ে যায় তারা। ৫৩ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ‘ও বিশ্বমানের বোলার। আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ও দলের মধ্যে অনেক বৈচিত্র্য নিয়ে আসে। আর সব ধরনের ক্রিকেটে তাঁর দক্ষতা তো আছেই।’ এএফপি।