ব্যাটসম্যানদের দুষলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের প্রস্তুতি ম্যাচে হারের তা-ও একটা অজুহাত ছিল—দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। সফরের একমাত্র টেস্টে হারের পেছনে কী অজুহাত দাঁড় করাবেন বাংলাদেশের অধিনায়ক? সাকিব আল হাসান এবার কোনো অজুহাত দেখাননি। হারারে টেস্টে হারের দায় নিয়েছেন নিজেদের কাঁধেই।‘আমি মনে করি, আমরা ভালো ব্যাটিং করিনি। ভালো ব্যাটিং করার মতো উইকেট ছিল। ভালো বোলিংও করতে পারিনি। ব্যাটিং নিয়ে আমরা হতাশ’—ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এভাবেই হারারে টেস্ট ‘বিসর্জনের’ ব্যাখ্যা দিলেন সাকিব।দলে নতুন কোচ। স্টুয়ার্ট লর অধীনে জিম্বাবুয়ে সফরে আগে মাত্র কয়েক দিনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। তবে সাকিবের দাবি, প্রস্তুতি যথেষ্টই ছিল, ‘দেশে আমরা ভালোই প্রস্তুতি নিয়েছিলাম। প্রথম ইনিংসে আরও রান করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসে আরও ধৈর্যশীল থাকা দরকার ছিল। আজ দুটি সেশন খেলতে পারলে খেলা ধরে রাখতে পারতাম। কিন্তু আমরা উইকেট হারাতেই থাকি। এটা আমাদের সবার জন্যই হতাশার।’একটা ম্যাচের পরাজয়ই শেষ কথা নয়। ব্যর্থতা পেছনে ফেলে সাকিবের কণ্ঠে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘আশা করছি, ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াব আমরা।’