ব্যাটসম্যানদের পারফরম্যান্সে বিসিবি হতাশ
হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩৩৫ রানে হার। তা-ও আবার টেস্টের এক দিন বাকি থাকতেই। ব্যাটসম্যানদের লজ্জাজনক পারফরম্যান্সে সমর্থকেরা যেমন হতাশ, একইভাবে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।হতাশা প্রকাশ করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোকে বলেন, ‘শ্রীলঙ্কার ব্যাটিং পারফরম্যান্সের সঙ্গে হারারে টেস্টের কোনো মিল নেই। ব্যাটসম্যানদের এই বাজে পারফরম্যান্সে আমরা হতাশ। দলের জ্যেষ্ঠ খেলোয়াড়েরা যথেষ্ট দায়িত্বের পরিচয় দেননি।’হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের অবস্থাও একই, মুশফিকুর রহিমরা গুটিয়ে যান ১৪৭ রানে। জালাল ইউনুস মনে করেন, পর পর দুই ইনিংসে এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘শুরুটা খারাপ হয়েছিল। মাঝেমধ্যে এমনটা হতেই পারে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করলেন, এর কোনো অজুহাত চলে না।’আগামী বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ হার ঠেকাতে হলে এ টেস্টে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। তবে প্রথম টেস্টে বড় ধাক্কা খেয়ে মানসিকভাবে বিপর্যস্ত দলের জন্য কাজটি মোটেই সহজ হবে না। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে শঙ্কা তো রয়েছেই, সঙ্গে আছে ইনজুরি সমস্যা। প্রথম টেস্ট চলার সময় কাঁধে চোট পান রুবেল হোসেন। অন্যদিকে, হাঁটুর ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতেই পারেননি শাহাদাত হোসেন। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টের আগে তাঁরা কেউই পুরো ফিটনেস অর্জন করতে পারবেন না। এ কারণে তাঁদের ‘ব্যাক আপ’ হিসেবে দলে ডাকা হয়েছে পেসার শফিউল ইসলাম ও অলরাউন্ডার জিয়াউর রহমানকে। আঙুলের চোটের কারণে প্রথম টেস্টের বাইরে থাকা তামিম ইকবাল এ টেস্টেও অনিশ্চিত। অবশ্য ম্যাচ মাঠে গড়ানোর আগেই পুরো ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বাংলাদেশের উদ্বোধনী এই ব্যাটসম্যান। জালাল ইউনুস মনে করেন, কেউ নিজেকে পুরো ফিট মনে না করলে তাঁর দেশে ফিরে আসাই উচিত। ক্রিকেটারদের প্রতি সেই আহ্বানও জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘যারা পুরো ফিট নন, তাঁদের প্রতি আমার অনুরোধ, তাঁরা যেন ঢাকায় ফিরে আসেন এবং নিজেদের শত ভাগ ফিট করে তোলেন।’