ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখছেন না ধোনি!
মেলবোর্নে দুবার তাসের ঘরের মতো ধসে পড়েছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। কিন্তু অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যর্থতার দায় ব্যাটসম্যানদের ওপরে চাপাতে একেবারেই নারাজ। তিনি বলেছেন, অস্ট্রেলীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ভারতীয় ব্যাটসম্যানরা সফল হতে পারেননি।অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা একেবারে খারাপ করেননি। তাঁদের ২৪০ রানে আটকে রেখে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। দুই দিন হাতে রেখে ভারতের সামনে ছিল ২৯২ রানের লক্ষ্যমাত্রা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের ললাটে লেখা হয়েছে ১২২ রানের পরাজয়।ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে, পুরো সিরিজ নিয়েই তিনি চিন্তিত কি না। এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি এই কৃতিত্বের পুরো অংশীদার বানিয়েছেন অসি বোলারদের। ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে ধোনি বলেছেন, ‘আমি ব্যাটসম্যানদের নিয়ে চিন্তিত নই। তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড়। তারা জানে এখন তাদের কী করতে হবে।’ভারতীয় বোলাররা দলকে ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছিল—স্বীকার করে ধোনি বলেন, ‘অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা শেষ দিকে রান করে দলের সংগ্রহ বাড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে আমাদের বোলাররা ভালো বোলিং করে ম্যাচে ফিরিয়েছিলেন। প্রথম ইনিংসে লোয়ার অর্ডার থেকে কিছু রান দরকার ছিল।’ পিটিআই।ভারত যেকোনো সিরিজেই একটু পেছন থেকে শুরু করে স্বীকার করে ধোনি বলেন, ‘আমি মনে করি, পরের খেলাগুলোতে আমাদের পারফরম্যান্স অনেক ভালো হবে।’